রাজউক নিয়ে অভিযোগ দেওয়া যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণ করেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত
গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণ করেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) মো. নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, গণশুনানির উদ্দেশে ধরপাকড় করা নয়, বরং আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের সেবা পাওয়া নিশ্চিত করা। ২৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় রাজউক নিয়ে গণশুনানির প্রচারকার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

আজ বুধবার দুদক কার্যালয়ের সামনে এ প্রচারকাজের উদ্বোধন করেন দুদক কমিশনার। এ সময় তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক দেশব্যাপী গণশুনানির কার্যক্রম পরিচালনা করছে। জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছেন কি না, তা যাচাই করা হচ্ছে। রাজউকের কর্মকাণ্ড-সংক্রান্ত অভিযোগগুলোর সমাধানের মাধ্যমে ভুক্তভোগীরা যাতে উন্নত সেবা পান, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালানোর লক্ষ্যেই এই গণশুনানির আয়োজন।
রাজউকে প্লটের অর্থ জমা দেওয়া সত্ত্বেও প্লটের দখল পেতে, ভূমি ছাড়পত্র, নকশা অনুমোদন অথবা নামজারির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকারদের গণশুনানিতে দালিলিক তথ্যসহ হাজির হয়ে অংশগ্রহণের আহ্বান জানান দুদক কমিশনার। তিনি বলেন, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশব্যাপী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
প্রচারকার্যক্রম উদ্বোধন শেষে নাসিরউদ্দীন আহমেদ গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বানসংবলিত প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন। আজ থেকে টমটমের (ঘোড়ার গাড়ি) মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণসহ প্রচার চালাবে কমিশন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ ও মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, পরিচালক শিরিন পারভীন, উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য, আবুবকর সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুদক সূত্র জানিয়েছে, শুনানিতে অংশগ্রহণের জন্য ২৫ জানুয়ারির মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে দুদকের সঙ্গে যোগাযোগ করতে হবে। দুর্নীতি প্রতিরোধে রাজধানীতে দুদকের সাতটি কমিটির সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা যাবে।
এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালকের মোবাইল নম্বর ০১৭৩০-৩০৩২০৩ ও ফোন নম্বর ৯৩৫৮৯৬৬-এ সার্বক্ষণিক যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (মতিঝিল অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭১২-১১১৫৩৬, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (উত্তরা অঞ্চল) মোবাইল নম্বর: ০১১৯৯-১৪৭৩৮২, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (গুলশান অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭১১-১৫৯২৭৩, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (মিরপুর অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭১৬-২৩২৩০৪, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (রমনা অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭৮৯-৭৯১৯৪০, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (লালবাগ অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭১২-১১৯৩০৯, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (তেজগাঁও অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭১১-৫৯২০০৫ ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির (ওয়ারী অঞ্চল) মোবাইল নম্বর: ০১৭২০-০৮৮৩৯৭-এ যোগাযোগ করা যাবে।