নাগরিকসেবা নিয়ে নানা বিতর্ক ও দুর্নীতির অভিযোগের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২৭ জানুয়ারি গণশুনানি করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ বলেন, সরকারি সেবা পাওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকারি সেবা ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতেই দুদক এ উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি দুদকের এক প্রতিবেদনে রাজউকের সেবা ও দুর্নীতি নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, রাজউকের যেসব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে জনসাধারণের সরাসরি যোগাযোগ হয়ে থাকে, তাঁদের অধিকাংশই দুর্নীতিতে যুক্ত। সংস্থাটির এস্টেট ও নকশা অনুমোদন শাখায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়।
রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াও দুদকের প্রতিবেদনে পাওয়া তথ্য নিয়ে দ্বিমত পোষণ করেননি। তিনি প্রথম আলোকে বলেন, জনসম্পৃক্ত শাখায় দুর্নীতির যে তথ্য দুদক পেয়েছে, সেগুলো একেবারে মিথ্যে নয়।
ওই প্রতিবেদনের তথ্য যাচাইয়ে সম্প্রতি কয়েক দিন রাজউকে গিয়ে দেখা যায়, নকশা অনুমোদন শাখায় দালালদের হাতে অনেকটাই জিম্মি আবেদনকারীরা। একজন ভুক্তভোগী বেশ কষ্ট নিয়ে বললেন, রাজউকে আসতে আসতে জুতা ক্ষয়ে গেছে। চুক্তিমতো টাকা দেওয়ার পরও সময়মতো কাজটা করে দেননি এক কর্মকর্তা।
‘ছয় মাসেরও বেশি হয়ে গেল, কিন্তু এখনো ফাইলের নড়াচড়া নেই। কবে যে প্ল্যান পাস হবে আর আমার বাড়ি তৈরি হবে!’ রাজউক কার্যালয়ের ভেতরে আরেক ভুক্তভোগী কথাগুলো বলছিলেন সেখানকার এক দালালকে। অবশ্য তিনি নিজেকে রাজউকের কর্মী বলেই পরিচয় দিয়েছেন। ফারুক নামের ওই দালাল বলেন, ‘ভাই, টেনশন কইরেন না। কয়েক দিনের মধ্যেই আপনার ফাইল পাস হয়ে যাবে। এখানে টাকা দিলেই সব হয়ে যায়।’
রাজউকের অনেকেই নিজেদের অফিসের কাজ এসব দালালকে দিয়ে করিয়ে থাকেন। কোনো বহিরাগতকে সংযুক্ত না রাখতে রাজউকের অফিস আদেশ থাকলেও সেটা না মেনে অনেকেই নিজস্ব টাকায় এসব দালাল দিয়ে কাজ করান। অনুসন্ধানে জানা গেছে, দালালদের টাকাপয়সা দিয়েও সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুমোদন শাখায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আবাসন ব্যবসায়ী জানান, একটি বৃহৎ প্রকল্পের অনুমোদনের জন্য ভূমি ছাড়পত্রসহ পরিবেশ পরিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা, তিতাস গ্যাস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সিটি করপোরেশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ ১০টি সংস্থা থেকে ছাড়পত্র সংগ্রহ করে রাজউকে জমা দিতে হয়। কিন্তু টাকা না পেলে প্রকল্প পাস না করে নানা অজুহাতে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ঘোরানো হয়। ফলে ওই সব ছাড়পত্রের এক বছরের মেয়াদ পেরিয়ে অকার্যকর হয়ে যায়।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, অনিয়মের মাধ্যমে প্লট পরিবর্তন, প্লটের আয়তন বৃদ্ধি, একই ব্যক্তিকে একাধিক প্লট দেওয়া, প্লট বাতিল করা প্রতিষ্ঠানটির নিয়মিত চিত্র। অধিগ্রহণ করা প্রকল্পে প্রকৃত ক্ষতিগ্রস্তকে প্লট না দিয়ে আত্মসাৎ, গুরুত্বপূর্ণ নথি গায়েব করে দেওয়ার মতো ঘটনা হরহামেশাই ঘটছে। ঘুষ ছাড়া নকশা পাস না করা, আমমোক্তার, সেল পারমিশন, লিজ ডিড সম্পাদন ও দখল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, বিভিন্ন আবাসন কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে রাজউকের কর্মকর্তা কর্মচারীদের সম্পৃক্ততার বিশদ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে।
প্রতিবেদনের তথ্য সম্পর্কে সংস্থাটির চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না হয়, সে বিষয়ে আমরা সচেতন। জাতীয় শুদ্ধাচার কৌশল মেনে রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা যাতে জনগণকে সেবা দেন, সে বিষয়ে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজউকে যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, তা সর্বজনবিদিত। একদিকে সর্বব্যাপী যোগসাজশে সিন্ডিকেটের দৌরাত্ম্য আর অন্যদিকে ক্ষমতাবানদের যোগসাজশে বিচারহীনতা এ প্রতিষ্ঠানকে ক্রমাগত দুর্নীতি ও অনাচারের দুর্গে পরিণত করেছে।
দুদকের কর্মকর্তারা মনে করেন, রাজউক নিয়ে দুদকের গণশুনানি রাজউক কর্মকর্তাদের জবাবদিহি ও সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমি ও সাবরেজিস্ট্রি অফিস নিয়ে গণশুনানির অভিজ্ঞতা থেকে তাঁদের এ ধারণা। রাজউক নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে ১৭ জানুয়ারি থেকে সেগুলো জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে দুদক। দিলকুশায় রাজউকের প্রধান কার্যালয় এবং মহাখালী ও উত্তরায় রাজউকের কার্যালয়ে দুদকের পক্ষ থেকে রাখা অভিযোগ বাক্সে অভিযোগ করা যাবে। পরে দুদকের পক্ষ থেকে যোগাযোগ করে গণশুনানির দিন ওই সব প্রশ্ন উত্থাপন করা হবে।