রাজউক মার্কেট উন্নয়ন কমিটির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজউক মার্কেটের পার্কিংয়ে দোকান’ শিরোনামে ১৯ জুন প্রথম আলোয় ছাপা হওয়া সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্স উন্নয়ন কমিটি। কমিটির সদস্যসচিব এম এ মাজেদ খান স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সের পার্কিং স্পেসে অতিরিক্ত ২০টি দোকান নির্মাণ করার কথা ঠিক নয়।
প্রতিবাদে বলা হয়, পার্কিংয়ে প্রবেশ করার পথ মার্কেটের পেছনে হওয়ায় মার্কেটে আসা ক্রেতাদের সমস্যা হতো। তাই পেছনের প্রবেশপথ সরিয়ে মার্কেটের সামনে দিয়ে প্রবেশপথ করা হয়েছে। আর জেনারেটর কক্ষ স্থানান্তরসহ আরও কিছু স্থাপনা সরিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা বড় করা হয়েছে।
তাতে আরও বলা হয়, প্রতিবেদনে ছাপা হওয়া উত্তরা ৭ নম্বর সেক্টরের ৭১ নম্বর ব্লকে অবস্থিত রাজউক কসমো শপিং কমপ্লেক্সে ভূগর্ভস্থ পার্কিংয়ের সুবিধা রাখা হয়নি, এই কথাটিও ভিত্তিহীন।
প্রতিবেদকের বক্তব্য: সরেজমিন ঘুরে, ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির লোকজনের সঙ্গে কথা বলেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মার্কেটের পেছনের গাড়ি নামাপথ ভেঙে সামনের দিকে নতুন পথ করায় যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে দোকান ঘর তুলতে দেখা গেছে।