
মার্কেটের সামনে ঝুলছে নোটিশ, ‘যানবাহন নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে মার্কেট কর্তৃপক্ষ দায়ী নয়’। ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের ফটক শিকল দিয়ে আটকানো। ভেতরে নির্মাণ করা দোকান। রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬৯ নম্বর প্লটে থাকা রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে গাড়ি পার্কিংয়ের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কেনাকাটা করতে আসা অনেকেই। সড়কে গাড়ি রাখায় সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মূল সড়কের কাছেই অবস্থিত রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সের ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের স্থানে আছে ইলেকট্রিক, ইলেকট্রনিকস, হার্ডওয়্যার, কম্পিউটার কম্পোজ, ফটোকপি, প্রিন্টিং প্রেসসহ ৫৭টি দোকান। পার্কিংয়ে সামান্য যে জায়গাটুকু আছে, সেখানেও নতুন করে নির্মাণ করা হচ্ছে আরও প্রায় ২০টি দোকান। এ কারণে ক্রেতারা তাঁদের গাড়ি পার্ক করতে পারছেন না। সড়কের ওপর গাড়ি রাখছেন। তাই যানজট সৃষ্টি হচ্ছে।
রাজউক কর্মচারী কমার্শিয়াল কমপ্লেক্সে উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এম এ মাজেদ খান এ সম্পর্কে বলেন, ‘আমরা ভেতরের ময়লা পরিষ্কার করে সেখানে কিছু দোকান নির্মাণ করছি, যাতে ভেতরটা পরিষ্কার রাখা যায়। পার্কিংয়ের জায়গা আছে। পরিষ্কার করার কারণে পার্কিং সাময়িক বন্ধ করে রাখা হয়েছে।’
মার্কেটের সামনের অংশে আজমপুর বাসস্ট্যান্ড থেকে ৭ নম্বর সেক্টরের দিকে যাওয়া রাস্তায় দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের এক সদস্য প্রথম আলোকে বলেন, মার্কেটে কেনাকাটা করতে আসা মানুষদের গাড়ি ও মোটরসাইকেল মার্কেটের সামনে রাস্তায় পার্ক করে রাখা হয়। তাই এখানে যানজট লেগেই থাকে।
শুধু কেনাকাটা করতে আসা জনগণই নয়, পার্কিং সমস্যায় ভুগছেন মার্কেটের দোকানমালিকেরাও। অনেক দোকানমালিক অভিযোগ করেন, তাঁদের নিজেদের গাড়ি রাখারও জায়গা নেই। তা ছাড়া পার্কিং সুবিধা না থাকায় মার্কেটে ক্রেতার সংখ্যাও কমছে। এক দোকানমালিক অভিযোগ করেন, আগে মার্কেটটি ছিল পাঁচতলা, পরে নতুন করে ওপরে আরও চারটি তলা নির্মাণ করা হয়েছে।
শুধু এই মার্কেটই নয়, একটি ব্লক পরেই উত্তরা ৭ নম্বর সেক্টরের ৭১ নম্বর ব্লকে অবস্থিত রাজউক কসমো শপিং কমপ্লেক্সেও ভূগর্ভস্থ পার্কিংয়ের সুবিধা রাখা হয়নি। ফলে সেখানেও মূল সড়কের ওপরে ক্রেতাদের গাড়ি ও মোটরসাইকেল রাখা হচ্ছে। যানজট সৃষ্টি হচ্ছে এখানেও।