রাজউকের অনলাইন সেবায় বাড়তি খরচ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন সেবা অনলাইনে পেতে অতিরিক্ত অর্থ গুনতে হবে নগরবাসীকে। ‘অনলাইন ডকুমেন্টেশন ফি’ নামের নেওয়া এ ফির পরিমাণ তিন থেকে পাঁচ হাজার টাকা। সবার ধারণা ছিল, ডিজিটাল এই পরিষেবা হবে সহজ ও সাশ্রয়ী। কিন্তু তা আরও ব্যয়বহুল হয়ে গেছে।
জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি না যে অতিরিক্ত এই অর্থ গ্রাহকের জন্য কোনো চাপ হবে। কারণ, সাধারণ উপায়ে কোনো একটা জায়গা থেকে রাজউকে এসে নকশা অনুমোদন বা অন্য সেবাপ্রাপ্তির ক্ষেত্রে গ্রাহককে যে ভোগান্তি পোহাতে হয়, তার তুলনায় এটি সামান্য।’
প্রায় দুই মাস আগে একটি মসজিদ নির্মাণের জন্য ভূমি ব্যবহারের ছাড়পত্র অনুমোদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় এই সেবার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রাথমিকভাবে রাজউকের জোন-৫ (ধানমন্ডি, লালবাগ)-এর বাসিন্দাদের জন্য এই সেবা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পূর্তসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ এই প্রকল্পে অর্থ ও কারিগরি সহায়তা প্রদানকারী বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে এই ডিজিটাল সেবাপ্রাপ্তির জন্য গ্রাহককে বাড়তি অর্থ দিতে হবে—এমন কোনো ঘোষণা সেদিন রাজউক কিংবা আইএফসির পক্ষ থেকে দেওয়া হয়নি।
কিন্তু অনলাইন ডকুমেন্টেশন ফির নামে এই বাড়তি অর্থ আদায়ের সিদ্ধান্ত নেওয়া ছিল আগেই। রাজউক চেয়ারম্যানের সভাপতিত্বে ২৯ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র আবেদনের জন্য নির্ধারিত ফির বাইরে বাড়তি তিন হাজার এবং বিশেষ প্রকল্প ছাড়পত্র আবেদনের জন্য পাঁচ হাজার টাকা ধার্য করা হয়। এ ছাড়া আটতলা পর্যন্ত ভবনের নকশা অনুমোদনের জন্য অতিরিক্ত তিন হাজার টাকা এবং ভবনের আকার নয়তলা বা তার বেশি হলে পাঁচ হাজার টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এমনিতে রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য এক হাজার টাকা এবং বিশেষ প্রকল্পের ছাড়পত্রের জন্য ১০ হাজার টাকা ফি ধার্য করা আছে। আর নকশা অনুমোদনের জন্য ভবনের মোট মেঝে এলাকার ভিত্তিতে ৫০ বর্গমিটার পর্যন্ত ১৭৫ টাকা এবং দুই হাজার বর্গমিটার পর্যন্ত ১১ হাজার টাকা ধার্য করা আছে।
ওই সভার কার্যবিবরণীতে বলা হয়, ‘বিদ্যমান সেবা অনলাইন পদ্ধতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার ও ইকুইপমেন্ট ক্রয় এবং রক্ষণাবেক্ষণ বাবদ রাজউকের অর্থ ব্যয় হবে। এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে প্রাপ্ত রেকর্ডসমূহ যথাযথভাবে এন্ট্রি করা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং আবেদনকারীকে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে তথ্য প্রদান করা যথেষ্ট মেধা ও সময়সাপেক্ষ ব্যাপার।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আইএফসির অপারেশনস অফিসার মিয়া রহমত আলী প্রথম আলোকে বলেন, ‘অনলাইন কার্যক্রমের জন্য আমরা যে সফটওয়্যারটি তৈরি করেছি, সেটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে। এটি পরিচালনার জন্য কিংবা আবেদনকারীকে হালনাগাদ তথ্য প্রদানের জন্য বাড়তি কোনো সময় কিংবা মেধার প্রয়োজন নেই। আর অনলাইন ডকুমেন্টেশনের জন্য যে পরিমাণ অর্থ ধার্য করা হয়েছে, সেটাকেও ‘অতিরিক্ত’ মনে করছেন তিনি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক আকতার মাহমুদ বলেন, ‘অনলাইন প্রক্রিয়ায় যেখানে সবকিছুই সহজ হওয়ার কথা, সেখানে এর জন্য অতিরিক্ত অর্থ আদায়ের কোনো কারণ থাকতে পারে না। ভূমি ব্যবহার ছাড়পত্রের জন্য নির্ধারিত ফি এক হাজার টাকা। আর অনলাইনে এটা করতে হলে যদি অতিরিক্ত তিন হাজার টাকা দিতে হয়, তাহলে তো সেটা বাড়তি চাপ হবেই।’