রাজউকের উচ্ছেদ অভিযান ফলাফল শূন্য

ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি রাখার জায়গায় এবং ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান অভিযান ভাঙাগড়ার খেলায় পরিণত হয়েছে। উচ্ছেদের পর তদারকি নেই। প্রায় প্রতিটি জায়গায় আবার নতুন করে স্থাপনা গড়ে উঠছে। ফলে উচ্ছেদ অভিযানে কার্যত কোনো পরিবর্তন আসছে না। ফলাফল শূন্য।
গতকাল শনিবার গুলশান, ধানমন্ডি, কলাবাগান, পান্থপথ ও গ্রিন রোডের বিভিন্ন এলাকা ঘুরে অন্তত ৬০টি উচ্ছেদ হওয়া স্থাপনা পুনরায় গড়ে উঠতে দেখা গেছে।
রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদেরা বলছেন, উচ্ছেদ-পরবর্তী অবস্থা বজায় রাখতে অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকদের সক্রিয় থাকতে হবে। পাশাপাশি এই কর্মকর্তাদেরও নজরদারিতে রাখতে হবে। কারণ, তাঁদের অনেকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ স্থাপনার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া উচ্ছেদ করা জায়গায় কেউ পুনরায় স্থাপনা তুললে তাদের কঠোর শাস্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে ১৮ জানুয়ারি থেকে রাজধানীর ধানমন্ডি, গুলশান ও উত্তরায় একযোগে উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। প্রথম দফায় দুই শর বেশি ভবনে অভিযান চালানো হয়। দ্বিতীয় দফায় আলাদাভাবে কিছু অভিযান চালানো হলেও ৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় দফা উচ্ছেদ অভিযানের জন্য নতুন একটি কর্মপরিকল্পনা করা হয়। এখন চলছে চতুর্থ দফার অভিযান। এতে চিহ্নিত করা হয়েছে সাড়ে তিন হাজারের বেশি ভবন।
ধানমন্ডি ও গুলশানের অথরাইজড অফিসাররা বলছেন, এই দুই এলাকায় চার দফায় সাড়ে পাঁচ শর মতো ভবনে অভিযান চালানো হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে তিন কোটি টাকার বেশি।
গত ৮ ফেব্রুয়ারি কলাবাগান বাসস্ট্যান্ডের পাশেই ৪ নম্বর প্লটের একটি ভবনের নিচতলার গাড়ি রাখার জায়গায় মরণচাঁদ গ্র্যান্ড সন্স নামের একটি মিষ্টির দোকান ও লাজ ফার্মা নামের একটি ওষুধের দোকানের একাংশ উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এর পাশে আরেকটি ভবনের নিচে একটি বিউটি পারলার সিলগালা করে দেওয়ার পাশাপাশি কুপারস নামের একটি বেকারি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল সেখানে গিয়ে দেখা যায়, এর প্রতিটি জায়গায় আবারও স্থাপনা গড়ে উঠেছে। একই দৃশ্য দেখা যায় গ্রিন রোড ও পান্থপথের আরও অন্তত ২০টি জায়গায়।
এই অভিযানগুলো পরিচালনায় যুক্ত ছিলেন রাজউকের জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ জায়গাগুলো আমরা আবার উচ্ছেদ করব। উচ্ছেদের পর পরিস্থিতি তদারকের জন্য নতুন পরিকল্পনা করা হচ্ছে। উচ্ছেদ করা জায়গা কেউ আবার দখল করলে তা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ আছে।’
ভবনমালিক কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থের বিনিময়ে অভিযান প্রভাবিত করার অভিযোগের বিষয়ে শফিউল হান্নান বলেন, ‘এই অভিযোগের ভিত্তি নেই। তবে কেউ কেউ আমাদের নাম ভাঙিয়ে অনেকের কাছ থেকে টাকা নিচ্ছেন বলে শুনেছি।’
এদিকে ৩ ফেব্রুয়ারি গুলশান অ্যাভিনিউর ২১ নম্বর প্লটে সিটিব্যাংক এনএর সামনে ফুটপাতজুড়ে থাকা র্যা ম্প উচ্ছেদের পর ভবনটির সামনে নকশাবহির্ভূতভাবে নির্মিত দুটি বুথ তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। সেই বুথ দুটো এখনো সরানো হয়নি। একইভাবে ২৯ ফেব্রুয়ারি গুলশান শপিং সেন্টারের নিচতলায় উচ্ছেদ হওয়া ৫০টির মতো দোকান আবার আগের চেহারায় ফিরেছে। এর কাছাকাছি জায়গায় হোমবাউন্ড কুরিয়ার নামের একটি প্রতিষ্ঠান তাদের মূল ভবনের বর্ধিত অংশে অবৈধভাবে নির্মিত গাড়ি রাখার ছাউনি সরিয়ে নেয়নি।
এ বিষয়ে রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার আদিলউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা এই প্রতিষ্ঠানগুলোর তালিকা করেছি। নতুন কিছু থাকলে আমাদের জানাবেন। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
উচ্ছেদ হওয়া জায়গাগুলো আবার দখল হয়ে যাওয়ার প্রবণতার বিষয়ে কিছুদিন আগে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমাদের তৎপরতার ঘাটতি আছে, এটা সত্য। কিন্তু লাগাতার অভিযানের ভেতর দিয়ে আমরা আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, এর ভেতর দিয়ে পরিস্থিতির উন্নতি হবে।’
তবে খোদ অথরাইজড অফিসার ও ইমারত পরিদর্শকদের কার্যক্রম নজরদারির আওতায় না এনে এ পরিস্থিতির উত্তরণ সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ। তিনি বলেন, উচ্ছেদ হওয়া জায়গায় দ্বিতীয়বার স্থাপনা গড়ে তুললে কঠোর শান্তি দিতে হবে।