রাজউকের উত্তরার ফ্ল্যাট ডিসেম্বরে হস্তান্তর হচ্ছে না

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে ডিসেম্বরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সব ফ্ল্যাট তৈরি সম্পন্ন না হওয়া, লিফট না লাগানো এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইনের সমস্যার কারণে সময় পিছিয়ে যাচ্ছে। এসব ফ্ল্যাট বুঝিয়ে দিতে আগামী বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময় লাগতে পারে।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘এ’ ব্লকে ১ হাজার ৬২০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য আবেদন করে বরাদ্দ পেয়েছিলেন সাড়ে ৫ হাজারের মতো গ্রাহক। এই ফ্ল্যাটগুলোর দাম প্রতি বর্গফুট ৩ হাজার ৫০০ টাকা। সঙ্গে সার্ভিস ও গাড়ি রাখার জায়গা বাবদ অতিরিক্ত টাকা দিতে হবে। মোট ভবন হবে ৭৯টি, প্রতিটি ভবন ১৫ তলাবিশিষ্ট।
প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহক জামানতের টাকা এবং রাজউকের চাহিদামতো প্রাথমিক পর্যায়ে ৩ কিস্তি মিলে প্রায় ২৪ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু রাজউক প্রায় ৪ বছরে মাত্র ১০টি ১৫তলা ভবন সম্পূর্ণ তৈরি করতে পেরেছে। এর প্রতিটিতে ৮৪টি নিয়ে সর্বমোট ফ্ল্যাটের সংখ্যা ৮৪০টি। আগে রাজউকের সংশ্লিষ্ট বিভাগের ঘোষণা ছিল, ডিসেম্বরের মধ্যে ফ্ল্যাটগুলো বুঝিয়ে দেওয়া হবে।
গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা যায়, ফ্ল্যাটগুলো নির্ধারিত সময়ে বুঝিয়ে দেওয়া কিছুতেই সম্ভব নয়। এর একটি প্রধান কারণ প্রায় সাড়ে ৩ হাজার গ্রাহকের মধ্যে ৮৪০টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার আয়োজন করলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন বসানোর বিষয়টি প্রক্রিয়ার মধ্যে থাকলেও লিফট বসানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, আরও পাঁচটি ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে। সেগুলোয় ফ্ল্যাটের সংখ্যা ৪২০টি। সেখানে যেসব গ্রাহক খোঁজখবর নিতে যাচ্ছেন, তাঁদের একটি তৈরি ফ্ল্যাটও দেখানো হচ্ছে।
উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ এস এ সাবরী প্রথম আলোকে বলেন, ‘আশা করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে ৮৪০টি ফ্ল্যাট গ্রাহকদের মধ্যে বুঝিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হচ্ছে না। তবে আগামী বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তা সম্ভব হতে পারে।’
এদিকে ফ্ল্যাট গ্রাহকদের কাছ থেকে বর্তমানে চতুর্থ কিস্তির টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া যাঁরা পরে আবেদন করে দুটি কিস্তি দিয়েছেন, তাঁদের কাছ থেকে তৃতীয় কিস্তির টাকা নেওয়া হচ্ছে। সময় বাড়ানোর সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত কিস্তির টাকা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।