রাজউকের কর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গতকাল সোমবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বলেছে, তাঁরা দুদককে দেওয়া সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছেন।
ওই দুজন হলেন রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের কার্য তদারককারী (মান-১) হাসমত আলী ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিপি।
রমনা মডেল থানায় দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস এই মামলা করেন। এজাহারে বলা হয়েছে, মাহমুদা আক্তার তাঁর স্বামী হাসমত আলীর সহায়তায় দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে ৭৩ লাখ ২৩ হাজার ১৬০ টাকার সম্পদের কথা উল্লেখ করেননি। আর হাসমত আলী তাঁর অবৈধভাবে অর্জিত অর্থ বৈধতা দেওয়ার জন্য স্ত্রীর নামে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়েছেন।
এজি অফিসে দুদকের দল
এদিকে ঘুষের অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল গতকাল মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অফিসে (এজি) আকস্মিক অভিযান চালায়। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর তত্ত্বাবধানে দুদকের উপপরিচালক জালাল উদ্দীন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষ দল কমিশনের নিজস্ব পুলিশ ফোর্সসহ সেখানে যায়। বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত সেখানে ১০ জন সেবাপ্রার্থীর সঙ্গে কথা বলেন তাঁরা।