রাজউকের কাছেই প্লট চাইলেন স্থায়ী কমিটির সভাপতি
আগে একটি প্লট পেলেও রাজউকের কাছে নিজের জন্য আরও একটি প্লট চাইলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দবিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে উপস্থিত রাজউক কর্মকর্তাদের কাছে তিনি প্লট চান।
দবিরুল ইসলামের এই অনুরোধে বৈঠকে উপস্থিত গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও কমিটির অন্য সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দবিরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি রাজউকের কাছ থেকে একটি প্লট পেয়েছিলেন। পরে নিজের ও পারিবারিক অন্য এক সদস্যের অসুস্থতার কারণে তিনি প্লটটি বিক্রি করে ফেলেন। যে কারণে তাঁকে যেন এখন একটি প্লট দেওয়া হয়।
তবে বৈঠকে উপস্থিত মন্ত্রী ও রাজউক কর্মকর্তারা কমিটির সভাপতিকে এ বিষয়ে কোনো আশ্বাস দেননি। কমিটির অন্য সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জানতে রাতে দবিরুল ইসলামের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে উত্তরা, পূর্বাচল ও ঝিলমিল প্রকল্পে প্লট বরাদ্দ পাওয়াদের নামের তালিকা চেয়ে তা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করা হয়। এ জন্য সংসদীয় কমিটির সদস্যরা রাজউকের কর্মকাণ্ডের সমালোচনা এবং ক্ষোভ প্রকাশ করেন। কমিটি ১৯৯১ সাল থেকে সর্বশেষ সময় পর্যন্ত বরাদ্দ পাওয়াদের নামের তালিকা আগামী বৈঠকে উপস্থাপনের জন্য রাজউককে বলেছে।
জানতে চাইলে কমিটির সদস্য আবু জাহির প্রথম আলোকে বলেন, কমিটির আগের বৈঠকে বিভিন্ন সময়ে প্লট বরাদ্দের যথার্থতা যাচাইয়ের জন্য দুটি উপকমিটি গঠন করা হয়েছিল। এ জন্য কমিটি রাজউকের কাছে বরাদ্দ পাওয়ার চূড়ান্ত নামের তালিকা চেয়েছে। কিন্তু তারা তা দেয়নি। তারা ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত কোন শ্রেণিতে কতজনকে বরাদ্দ দেওয়া হয়েছে, সেই সংখ্যা সরবরাহ করেছে। এ নিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে রাজধানীর হাতিরঝিলের জন্য পৃথক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, রাজউকের ক্যাফেটেরিয়া স্থাপন এবং হাতিরঝিলের পানি দূষণ রোধে পানি শোধনাগার স্থাপনের সুপারিশ করা হয়।
দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সদস্য জাহিদ আহসান, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ, নুর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।