রাজউকের চেয়ারম্যানসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা ও ঢাকা জেলা প্রশাসক মো. মহিবুল হকসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আদালত অবমানার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে আগামী ১৬ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালতে আবেদনকারী আজিজুর রহমান মোল্লাসহ চারজনের পক্ষে শুনানি করেন আইনজীবী কাজী আখতার হামিদ ও এ কিউ এম সোহেল রানা। এ ব্যাপারে আইনজীবী কাজী আখতার হামিদ প্রথম আলোকে বলেন, জমি রাজউক দখলে নিতে চাইলে আবেদনকারীরা ২০০৯ সালে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারির পাশাপাশি ওই জমিতে শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন না ঘটাতে নির্দেশ দেন। রুল বিচারাধীন থাকা অবস্থায় ও আদালতের ওই নির্দেশনার পরও গত ২৯ জুন ঢাকা জেলা প্রশাসক আবেদনকারীসহ ওখানকার জমি অধিগ্রহণের ব্যাপারে নোটিশ দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে চারজন আবেদন করেন। আদালত রাজউকের চেয়ারম্যান ও জেলা প্রশাসকসহ ১৮ জনের প্রতি আদালত অবমাননার রুল জারি করেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অপর বিবাদীরা হলেন: রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান, পরিচালক (নগর পরিকল্পনা) মো. জহুিরুল হক, উপপরিচালক (নগর পরিকল্পনা) আবু হাসান মর্তুজা, সহকারী পরিচালক মো. আমিনুল কাউযূম (নগর পরিকল্পনা), সহকারী পরিচালক চৈতি বিশ্বাস, সহকারী পরিচালক (ভূমি) রফিকুল ইসলাম সরকার, মো. জাকির হোসেন সার্ভেয়ার (ভূমি) ও মো. ফরিদুল ইসলাম, সদস্য প্রশাসন (ভূমি), পরিচালক (ভূমি) সৈয়দ নজরুল ইসলাম, প্রকৌশলী সাইদুর রহমান (প্রকল্প পরিচালক), উপপরিচালক (ভূমি) শেখ শাহিনুল ইসলাম, ল্যান্ড ডিভিশন কানোঙ্গো খলিলুর রহমান, কানোঙ্গো ভূমি অধিগ্রহণ শাখা (ঢাকা কালেক্টরেট) ফজলুল হক, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (ঢাকা) মো. ওয়ালিউর রহমান ও ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার খবির হোসেন।