রাজউকের তিন কর্মকর্তাকে সম্পদ বিবরণীর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন রাজউক কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণীর নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এসব নোটিশ পাঠানো হয়।

যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, রাজউকের সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) নাসির উদ্দিন শরীফ, এস্টেট-১ শাখার তত্ত্বাবধায়ক তাহমিদুল ইসলাম এবং শাখা-১ এর তত্ত্বাবধায়ক রৌশন আলী।
দুদক আইন ২৬ (২) ধারা অনুযায়ী পাঠানো নোটিশে, নিজের নামে, স্ত্রী-সন্তান ও পোষ্যদের নামে থাকা স্থাবর, অস্থাবরসহ সকল সম্পদের হিসাব নোটিশ পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় কমিশন এ নোটিশ পাঠায়।
এদিকে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জমি ক্রয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ থেকে ‘এক্সপেরিয়েন্স টেক্সটাইল লি. ’ নামক শিল্প প্রতিষ্ঠানের মালিক মাকসুদ আহমেদকে অব্যাহতি দিয়েছে দুদক। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক আব্দুছ ছাত্তার সরকারের সুপারিশের প্রেক্ষিতে কমিশন তাকে অব্যাহতি দিয়ে অনুসন্ধান নথিভুক্ত করে।