রাজউকের দুর্নীতি আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, রাজউকের প্রধান সমস্যা দুর্নীতি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হুমকি-ধমকির কারণে দুই বছর দুর্নীতি কিছুটা কমেছিল, বর্তমানে আবার বেড়েছে।তিনি বলেন, এখন কাজ করাতে গেলে প্রিমিয়াম বেশি দিতে হয়। জমির নামজারি করতে গেলে বিভিন্ন টেবিলে ঘুরতে হয়। এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল যেতে ঘুষ দিতে হয়। তা না হলে কাজ করানো যায় না।গতকাল শনিবার সন্ধ্যায় ‘রিহ্যাব ফেয়ার ২০০৯’-এর অংশ হিসেবে আয়োজিত স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ অনুষ্ঠানের আয়োজন করে।আবাসনশিল্পে অবদান রাখার জন্য এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্বর্ণপদক ও এক লাখ টাকা দেওয়া হয়। বুয়েটের উপাচার্য এ এম এম শফিউল্লাহ প্রধান অতিথির কাছ থেকে স্বর্ণপদক ও অর্থ গ্রহণ করেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নসরুল হামিদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিহ্যাবের সভাপতি তানভীরুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লাও বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তৃতায় এইচ টি ইমাম বলেন, ‘রাজউকের কর্মকাণ্ড আমি নিজেই বুঝি না।’