নকশা জালিয়াতির অভিযোগে করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড অফিসার মিজানুর রহমান ও সুকোমল চাকমাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম। আর রাঙামাটি থেকে রাতে সুকোমল চাকমাকে গ্রেপ্তার করা হয়। সংস্থার আরেক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবারই রাজধানীর বনানী থানায় মিজানুর রহমান ও আরেক অথরাইজড অফিসার সুকোমল চাকমাকে আসামি করে মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, মিজানুর রহমান ও সুকোমল চাকমা রাজউকের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সংস্থার সদস্য (পরিকল্পনা) ও বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির সভাপতি শেখ আব্দুল মান্নান, সদস্য (উন্নয়ন) ও পরিচালকসহ (উন্নয়ন) কমিটির কয়েকজন সদস্যের সই জাল করে বনানীর ৩৭ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ১৯ তলা বাণিজ্যক ভবনের নকশা অনুমোদন করেন।