রাজউকের নকশা অনুমোদন, ভূমি ব্যবহারের ছাড়পত্র অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের ক্ষেত্রে নকশা অনুমোদন ও ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান প্রক্রিয়া অনলাইন সেবার আওতায় এনেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রাথমিকভাবে রাজউকের ৫ নম্বর অঞ্চলের আওতাধীন লালবাগ ও ধানমন্ডি এলাকার বাসিন্দারা এই সুবিধা পাবেন।
গতকাল রাজউক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, অনলাইনে এই সেবা চালুর মধ্য দিয়ে রাজউক কার্যত একটি নতুন যুগে প্রবেশ করল। এর ফলে নকশা অনুমোদন ও ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান প্রক্রিয়ায় দুর্নীতি, দীর্ঘসূত্রতা এবং ভোগান্তি কমে যাবে। রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, এখন থেকে প্রতি তিন মাস পরপর রাজউকের একটি করে অঞ্চল এই সেবার আওতায় আসবে।
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কারিগরি ও আর্থিক সহযোগিতায় স্বয়ংক্রিয় এ পদ্ধতিটি বাস্তবায়ন করেছে রাজউক। এ প্রক্রিয়ায় অনলাইনে ভবনের নকশা ও ভূমি ব্যবহারের ছাড়পত্রের জন্য আবেদন করে এর জন্য প্রয়োজনীয় ফি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে। আবেদনের পর থেকে প্রয়োজনীয় অন্য সব প্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি থাকলে তা জানিয়ে দেওয়ার পাশাপাশি ত্রুটি সংশোধনের মাধ্যমে নকশা অনুমোদনের সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া গোটা প্রক্রিয়াটি ঠিক কোন অবস্থায় আছে, তার হালনাগাদ তথ্যও আবেদনকারী জানতে পারবেন এখান থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও আইএফসির প্রতিনিধি মিয়া মোহাম্মদ রহমত আলী।
রাজউক সূত্রে জানা যায়, অনুমোদনের জন্য প্রতিবছর প্রায় তিন হাজার নকশা রাজউকে জমা পড়ে। এর মধ্যে দুই থেকে আড়াই হাজার নকশার অনুমোদন দেওয়া হয়।