রাজউকের নতুন তিন আবাসিক এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে নতুন তিনটি আবাসিক প্রকল্পের জন্য স্থান নির্বাচনের কাজ চূড়ান্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ জন্য কেরানীগঞ্জ, পূর্বাচল ও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে মোট সাড়ে পাঁচ হাজার একরেরও বেশি জমি চিহ্নিত করা হয়েছে।
রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নতুন আবাসিক প্রকল্পগুলোর জন্য মোহাম্মদপুরের বছিলা সেতু পার হয়ে ডান পাশে ২ হাজার ২৫০ একর, পূর্বাচলের নতুন শহর প্রকল্পের পাশে ২ হাজার ৫০০ একর এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রস্তাব অনুসারে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের এক পাশে প্রায় ৮০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। এখন দ্রুততম সময়ের মধ্যে রাজউকের পক্ষ থেকে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।
রাজউকের কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে মোহাম্মদপুরের পাশে বছিলা সেতুর ওপারে কেরানীগঞ্জ ও ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশে পৃথক দুটি আবাসিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ছিল রাজউকের। তবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর ওপারে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকার আশপাশে সুবিধাজনক জায়গা না পাওয়ায় পূর্বাচলের পাশে নতুন জায়গাটি নির্ধারণ করা হয়েছে। আর তৃতীয় প্রকল্পটি হবে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কাছাকাছি একটি জায়গায়।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বছিলা সেতুর ওপারে কেরানীগঞ্জের আবাসিক এলাকাটি হবে মূলত সাংসদ ও সরকারি কর্মকর্তাদের জন্য। এই প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে, যা দ্রুত ভূমি মন্ত্রণালয়ের ভূমি বরাদ্দ-সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
চলতি সংসদের প্রথম অধিবেশন থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলের সদস্যরা ঢাকায় তাঁদের জন্য প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও বিভিন্ন বৈঠকে এই দাবির পক্ষে সরব ছিলেন।
সর্বশেষ গত বছরের ৫ মে স্থায়ী কমিটির এক বৈঠকে কমিটির সদস্যদের এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় নিজের বাড়ি নেই, এমন সব সাংসদের নতুন একটি প্রকল্প গ্রহণ করে প্লট বরাদ্দের বিষয়টি মন্ত্রণালয় থেকে বিবেচনা করা হচ্ছে। ওই বৈঠকে উপস্থিত রাজউকের চেয়ারম্যান তখন বছিলা সেতুর ওপারে নতুন একটি আবাসিক প্রকল্পের পরিকল্পনার কথা জানান।
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার কাছে নতুন আবাসিক প্রকল্পটির ব্যাপারে কথা হয় রাজউকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এই প্রকল্পের জন্য মূলত জোয়ার সাহারা, ডুমনিসহ কাছাকাছি একটি মৌজার কিছু অংশ অধিগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে।