রাজউকের ফ্ল্যাট কিনলে সহজ শর্তে ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ফ্ল্যাট কিনলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহজ শর্তে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেবে। এ ঋণে সুদের হার হবে সাড়ে ৮ শতাংশ। কিস্তিতে ঋণ পরিশোধের মেয়াদ হবে ২৫ বছর।
ঋণ দেওয়ার জন্য রাজউক, ফ্ল্যাটের বরাদ্দপ্রাপ্ত গ্রাহক ও ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। এরপর ফ্ল্যাটের মালিকানা পরিবর্তন করতে হলে ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে। এ বিষয়ে গতকাল সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে রাজউক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। এ সময় গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, উত্তরা ১৮ নম্বর সেক্টরে রাজউক ১৭৯টি ভবনে ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ করবে। এর মধ্যে ৮ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছরের ডিসেম্বর থেকে এসব ফ্ল্যাট হস্তান্তর শুরু হবে। প্রতি বর্গফুটের মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। এর মধ্যে অর্ধেক মূল্য সুদমুক্তভাবে চার বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অবশিষ্ট মূল্য ৯ শতাংশ সুদে আট বছরে কিস্তিতে পরিশোধ করতে হবে।
প্রসঙ্গত, ২১৪ দশমিক ৪৪ একর জমির ওপর উত্তরায় রাজউক এসব ফ্ল্যাট নির্মাণ করছে। বিজ্ঞপ্তি।