রাজউকের ফ্ল্যাট বিক্রির জন্য রোড শোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মাণাধীন ফ্ল্যাট কেনার বিষয়ে মানুষের আগ্রহ কম থাকায় এসব ফ্ল্যাট বিক্রির জন্য রোড শো আয়োজনের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ৭৯টি ১৬ তলা ভবনে ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাটের নির্মাণকাজ চলছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৮৪০টি, ২০১৭ সালের জুনের মধ্যে ৫০৪টি এবং ২০১৮ সালের মধ্যে বাকি ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।
বৈঠক সূত্র বলেছে, বৈঠকে রাজউক জানায়, অতীতে প্লট বরাদ্দের সময়ে মানুষ যে রকম সাড়া দিয়েছিল, ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করার পর সে রকম সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে টাকা জমা দেওয়ার পর তা আবার তুলে নিয়ে যাচ্ছেন। সে জন্য রাজউক অবিক্রীত ফ্ল্যাট বিক্রির জন্য বিপণন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানতে চাইলে কমিটির সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী প্রথম আলোকে বলেন, শুরুর দিকে রাজউকের ফ্ল্যাট কেনার বিষয়ে মানুষ যে রকম আগ্রহ দেখিয়েছিল, বর্তমানে তা আর নেই। আসলে এসব ফ্ল্যাট কিনলে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে, সে বিষয়ে সাধারণ মানুষকে কোনো ধারণা দেওয়া হয়নি। সে জন্য কমিটি রোড শো করার সুপারিশ করেছে।
কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশ নেন।