রাজউকের বহুতল গাড়ি পার্কিং ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এই প্রথমবারের মতো বহুতল গাড়ি পার্কিং ভবন নির্মাণ করল। এর সঙ্গে আছে বাণিজ্যিক কমপ্লেক্স। গতকাল শনিবার সকালে গুলশান আবাসিক এলাকায় এর উদ্বোধন হয়। ১৫ তলার এই ভবন নির্মাণ করা হয়েছে গুলশান-১-এর ১৭, ১৯ ও ২০ নম্বর সড়কবেষ্টিত প্রায় এক বিঘা জমির ওপর। নির্মাণে খরচ করা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

গাড়ি পার্কিং ভবনের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, গুলশান-১ এলাকার বিভিন্ন অফিস চলাকালে অতিরিক্ত গাড়িগুলোর সংস্থান, রাস্তার ওপর গাড়ি রাখা বন্ধ করা এবং যানজটের তীব্রতা কমিয়ে আনা। খুব শিগগির এখানে গাড়ি রাখার ভাড়া নির্ধারণ করে এটি চালু করা হবে।

ভবনটির দুটি বেজমেন্ট ও দ্বিতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত মোট নয়টি তলায় গাড়ি রাখা যাবে। একসঙ্গে গাড়ি থাকতে পারবে ২৩১টি। নয় তলা থেকে ১৫ তলা পর্যন্ত থাকবে অফিস স্পেস। নিচতলা থেকে দুটি বেজমেন্ট এবং চারতলা পর্যন্ত র‌্যাম্পের মাধ্যমে গাড়ি ওঠানামা করবে এবং বাকি চারতলা থেকে আটতলা পর্যন্ত মোট তিনটি ‘কার লিফট’-এর মাধ্যমে গাড়ি ওঠানামা করতে পারবে। ভবনে মোট ছয়টি যাত্রী-লিফট রয়েছে। তিনটি সিঁড়ি রাখা হয়েছে, যার দুটি আগুন লাগলে বেরোনোর জন্য ব্যবহার করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, মতিঝিলেও শিগগিরই বহুতল গাড়ি পার্কিং নির্মাণকাজ শুরু হবে। তা ছাড়া এ সরকার আবার সুযোগ পেলে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোয়, সম্ভব হলে প্রতি থানায় এ ধরনের পার্কিং ভবন নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী হাতিরঝিল, কুড়িল ফ্লাইওভারসহ রাজউকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ‘অসম্ভব কাজ সম্ভব হয়েছে’ উল্লেখ করেন। তিনি ভূমি ব্যবহার বিধিমালা, রিয়েল এস্টেট আইন ইত্যাদির মাধ্যমে আবাসন খাতে শৃঙ্খলা আনা সম্ভব হয়েছে উল্লেখ করে বলেন, রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর অনুমতি ছাড়া যথেচ্ছভাবে আবাসন প্রকল্প হতে থাকলে ৪০ বছরে দেশে শুধু একফসলি নয়, তিনফসলি জমিও রক্ষা পাবে না।      

অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন বলেন, গুলশান-১ এলাকার ট্রাফিক ব্যবস্থাপনার প্রতিকূলতা কমাতে এই প্রকল্পটি কিছুটা সমাধান দেখাতে পারে। যে প্রকল্পটি অনেক আগেই হাতে নেওয়া উচিত ছিল। 

রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা গাড়ি পার্কিং প্রকল্পসহ রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প, উত্তরা (তৃতীয় পর্ব) প্রকল্প, ঝিলমিল আবাসিক প্রকল্প, কামরাঙ্গীরচর সমন্বিত উন্নয়ন প্রকল্প, সড়ক ও ফ্লাইওভার নির্মাণ, লেক উন্নয়ন প্রকল্প প্রভৃতির অগ্রগতি তুলে ধরেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজউকের সদস্য (উন্নয়ন) খন্দকার সালাহ উদ্দিন, প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পূর্ত মন্ত্রণালয়, রাজউক ও অধীন সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।