রাজউকের বিদায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনসহ নানা দুর্নীতি ও অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তাঁর (নুরুল হুদা) বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ থাকায় আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি।’
দুদক সূত্রে জানা গেছে, নূরুল হুদার বিরুদ্ধে রাজউক চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে প্লট বরাদ্দ থেকে শুরু করে বিভিন্ন ঠিকাদারি কোম্পানিকে কাজ দেওয়ার ক্ষেত্রে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।
বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিগগিরই রাজউকের সাবেক এ চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ এবং তাঁর ওপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠাবে দুদক।
চলতি বছরের মার্চ মাসে বর্তমান প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব (সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব) খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করেছিল সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক যতন কুমার রায়। ওই অনিয়মের সঙ্গে নুরুল হুদা জড়িত জানিয়ে অনুসন্ধান প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে মামলার সুপারিশও করেছিলেন তিনি। পরে কমিশনের নির্দেশে শুধু সচিবের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়।