রাজউকের বিরুদ্ধে মেয়র আইভীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ পৌরসভা থেকে অধিগ্রহণ করা অব্যবহৃত জমি ফেরত চেয়ে আইনি লড়াই চলমান অবস্থায় রাজউক জায়গা বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গতকাল রোববার দুপুরে নগরীর চাষাঢ়া শহীদ মিনারের পশ্চিম পাশ থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত ২ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দুই পাশে গভীর নর্দমা, ফুটপাতসহ ‘ভাষা সৈনিক’ সড়কের মেরামত ও উন্নয়নকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আইভী এ অভিযোগ করেন।

সেলিনা হায়াৎ আইভী বলেন, এই জায়গাগুলো যদিও রাজউকের, কিন্তু একটা সময় জায়গাগুলো নারায়ণগঞ্জ পৌরসভারই ছিল। নারায়ণগঞ্জের মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করে উন্নয়ন করা হয়েছে। প্রচুর প্লট তৈরি করে বিক্রিও করেছে রাজউক। ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর থেকেই অব্যবহৃত জায়গাগুলো তিনি ফেরত চান। দীর্ঘদিন ধরে এ নিয়ে আইনি লড়াই চলছে।