১৩ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘পূর্বাচল প্রকল্পের উন্নয়নে নির্বিচারে বৃক্ষনিধন’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দাবি করা হয়েছে, জলাধার ভরাট ও বৃক্ষনিধনের খবর বাস্তবভিত্তিক নয়।ব্যাখ্যায় বলা হয়, পূর্বাচল প্রকল্পের কালীগঞ্জ অংশে ১৫৮৯.৮৯২ একর জমি অধিগ্রহণ করা হয়। যার ১২২ একর ব্যক্তিমালিকানাধীন শাল ও গজারি বন অবিকৃত অবস্থায় সংরক্ষিত রেখে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিদ্যমান নিচু এলাকাকেই অধিকতর খনন করে লেক ও জলাধার তৈরি করা হচ্ছে। প্রতিবেদনে বৃক্ষনিধনের যে ছবি প্রকাশিত হয়েছে, তা এলাকার অধিবাসীদের বসতবাড়িতে বিদ্যমান গাছপালা কাটার দৃশ্য, যারা তাদের মালিকানাধীন ভূমি, ঘরবাড়ি ও ফলদ গাছপালার ক্ষতিপূরণ পেয়েছে। গাছ কাটার জন্য কোনো পক্ষ থেকে গ্রামবাসীকে ভয়ভীতি বা চাপ প্রয়োগ করা হচ্ছে না। বালু নদ নয়, মেঘনা নদী থেকে (সরকার অনুমোদিত স্থান) ঠিকাদার বৈধভাবে বালু কিনে পাইপের মাধ্যমে ভূমি উন্নয়নকাজ বাস্তবায়ন করছে।বক্তব্যে আরও বলা হয়, চলমান উন্নয়নকাজের আওতায় রাজউক প্রকল্প এলাকায় পরিকল্পিতভাবে অনুমোদিত নকশা অনুসরণ করে বেশ কয়েকটি পার্ক, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, লেক ও জলাধারের পাড়ের জমিতে বিভিন্ন প্রকারের ফলদ, বনজ ও ফুল-গুল্ম প্রকারের বৃক্ষ রোপণ করে পরিবেশ সংরক্ষণের কাজ করছে। বর্ণিত এলাকায় ইতিমধ্যে রাজউক ছয় হাজার আবাসিক প্লট বরাদ্দ করেছে, যা দ্রুত হস্তান্তরের জন্য রাজউকের ওপর প্রতিনিয়ত চাপ রয়েছে।প্রতিবেদকের বক্তব্য: সরেজমিন গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। সংরক্ষিত বলে যে ১২২ একর বনভূমির কথা বলা হচ্ছে, সেখান থেকে নিয়মিত গাছ কেটে বাইরে বিক্রি করা এবং ঠিকাদারের নিয়োজিত উপঠিকাদারের লোকেরা ভয়ভীতি দেখিয়ে প্রকল্প এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেসব বিষয়েও যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। এলাকার বিল ভরাটের ছবি প্রথম আলোর কাছে আছে।