রাজউকের সব প্রকল্প বন্ধের সুপারিশ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সব কটি স্যাটেলাইট টাউন, প্লট-ফ্ল্যাট ও হাউজিং প্রকল্প বন্ধের সুপারিশ করেছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তারা এই সুপারিশ করে। ‘রাজধানীর পরিকল্পিত উন্নয়নে রাজউকের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারে রাজধানীর পরিকল্পিত উন্নয়নের জন্য মোট ১৪টি সুপারিশ করা হয়। সুপারিশে বলা হয়েছে, রাজউককে পরিকল্পনা প্রণয়ন, পর্যবেক্ষণ, সমন্বয় ও আইন প্রয়োগের দিকে দৃষ্টি দিতে হবে। স্যাটেলাইট টাউনের পরিবর্তে আশপাশের জেলাগুলোর সঙ্গে রেল ও নৌ যোগাযোগের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ছাড়া বেসরকারি আবাসিক প্রকল্পের বেআইনি ও অবৈধ কার্যকলাপ কঠোরভাবে নিয়ন্ত্রণ, রাজউকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের চিহ্নিত ও শাস্তির ব্যবস্থা এবং আগামী ১০০ বছরের কথা বিবেচনা করে ঢাকা শহরের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সাংবাদিক ও কলাম লেখক কামাল লোহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সুপারিশগুলো তুলে ধরেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। তিনি বলেন, নগরের উন্নয়নের জন্য রাজউকের লোকবল বাড়াতে হবে। রাজউক ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। বর্তমানে রাজউক যে কাজ করছে, একই কাজ গণপূর্ত বিভাগ এবং সিটি করপোরেশনও করছে। এভাবে উন্নয়ন হবে না। নাসের খান বলেন, দেশবাসীর দুর্ভাগ্য যে রাজধানীর উন্নয়ন পরিকল্পনা বারবার পরিবর্তন করা হয়। কখনো রাষ্ট্রপতি, কখনো সেনাপতি এবং কখনো প্রধানমন্ত্রী এসব পরিবর্তন করেন। এখন যেমন ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করা হচ্ছে।বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইসরাত ইসলাম বলেন, রাজধানীর বাসিন্দারা অনুন্নয়ন খাতে ব্যয় করছেন। বিপুল অর্থ বিনিয়োগ করছেন বাড়ি তৈরিতে। রাজউকও জমি ভরাট করে আবাসন তৈরি করছে। এটা শুভ লক্ষণ নয়। এ কারণেই ঢাকা নগর আস্তে আস্তে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। পকিল্পনা গ্রহণ, উন্নয়ন এবং নিয়ন্ত্রণই হওয়া উচিত রাজউকের একমাত্র কাজ। প্রকৌশলী গোলাম রহমান বলেন, এরশাদ সাহেবের ইচ্ছামতো কাজ হয়নি বলে ডিআইটি ভেঙে নন টেকনিক্যাল আমলা দিয়ে রাজউক সৃষ্টি করা হয়েছে। সেদিন থেকে এ প্রতিষ্ঠানের জবাবদিহি নষ্ট হয়ে গেছে। বর্তমান রাজউকের মতো প্রতিষ্ঠান বিশ্বের কোনো সভ্য দেশে এখন আর নেই। রাজউকের সদস্য (পরিকল্পনা) মাহবুবুল আলম বলেন, ঢাকা সিটি করপোরেশনকে ভাগ করার সিদ্ধান্ত রাজউকের সঙ্গে পরামর্শ করে নিলে ভালো হতো। ঢাকা মহানগরের উন্নয়নে সরকারের প্রায় ৪৮টি প্রতিষ্ঠান কাজ করছে। যে কারণে মাঝেমধ্যে রাজউকের কী কাজ, তা বুঝতেই কষ্ট হয়। আসলে উন্নয়নের জন্য এত প্রতিষ্ঠানের দরকার নেই। রাজউককে নিজেদের মতো করে কাজ করতে দেওয়া উচিত। কিন্তু অতীত ও বর্তমানে কখনোই তা দেওয়া হয়নি। রাজনৈতিক চাপ নিয়েই কাজ করতে হয় রাজউককে। সেমিনারে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নূরুল ইসলাম, পবার সম্পাদক হাফিজুর রহমান, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যাপক রিনাত ফওজিয়া প্রমুখও বক্তব্য দেন।