রাজউকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী শওকত কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী এবং পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে শওকত আজিজকে (রাসেল) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত বুধবার মধ্যরাতে এ দুজনসহ আটজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস। মামলার পরপরই তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

আদালতে শুনানিকালে দুদকের আইনজীবী দুজনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তিরা জামিনের আবেদন করেন। ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার দুই পক্ষের আবেদনই নাচক করে দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া দুজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। গ্রেপ্তার ইকবাল উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজউকের চেয়ারম্যান ছিলেন। পরে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবও ছিলেন।

দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, ইকবাল উদ্দিন চৌধুরী রাজউকের চেয়ারম্যান থাকাকালে ‘ক্ষমতার অপব্যবহার করে ও অবৈধ প্রভাব খাটিয়ে’ অন্যদের যোগসাজশে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ ও আশফাক আজিজকে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে মোট ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ দেন। অথচ তাঁরা ওই প্রকল্পে শিল্পপতি কোটায় প্লট বরাদ্দের আবেদন করে প্লট পাননি। সে কারণে ওই আবেদন প্রত্যাহার করে নিয়ে জামানতের টাকা তুলে নেন। আবেদন প্রত্যাহারকারীরা বিবেচনাযোগ্য না হলেও তা রাজউকের বিশেষ বোর্ড সভায় এই বরাদ্দ অনুমোদন করিয়ে নেওয়া হয় বলে এজাহারে বলা হয়। সে কারণে বোর্ডের সদস্যদেরও মামলায় আসামি করা হয়।

মামলার আসামিরা হলেন ইকবাল উদ্দিন চৌধুরী, রাজউকের সাবেক পাঁচজন সদস্য (বর্তমানে অবসরপ্রাপ্ত) এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও রেজাউল করিম তরফদার এবং দুই ভাই শওকত আজিজ ও আশফাক আজিজ।

এই মামলার প্রধান আসামি ইকবাল উদ্দিন চৌধুরীকে দুর্নীতির মামলায় এর আগেও কারাগারে যেতে হয়েছিল। ১৮টি সরকারি ভবন বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করে অর্থ আত্মসাতের এক মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেপ্তার হন।