রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকের জনসংযোগ বিভাগ বলেছে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিকেলে মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরীর আদালতে তাঁকে হাজির করা হয়। তাঁর জামিনের আবেদন শুনানি শেষে আদালত নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক সূত্র বলেছে, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রমনা থানায় মামলাটি করেন।
এজাহারে বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে এমদাদুল ইসলামের বিরুদ্ধে ২০১৫ সালে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২০১৬ সালে এমদাদুল ও তাঁর ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য চায় দুদক। এর পরিপ্রেক্ষিতে তিনি দুদকে যে সম্পদ বিবরণী জমা দেন, তাতে সম্পদের তথ্য গোপন করা হয়। দুদকের যাচাই-বাছাইয়ে দেখা যায়, তাঁর নামে ১ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। অথচ তাঁর বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস অনুসারে পাওয়া যায় ১ কোটি ৪ লাখ টাকার সম্পদের তথ্য।