রাজউকের সিদ্ধান্ত ৬০ দিনেই
স্থাপনা নির্মাণের জন্য অনুমোদন চেয়ে আবেদন করার ৬০ দিনের মধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। এ ছাড়া দ্রুত ও সহজে সেবা পেতে প্রধান কার্যালয়সহ রাজউকের সব আঞ্চলিক কার্যালয় এবং সারা দেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোতে হেল্প ডেস্ক খোলা হবে বলেও জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার সচিবালয়ে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে আমিনুল ইসলাম এসব কথা জানান। বৈঠকে তিনি মন্ত্রীর সঙ্গে রাজউকসহ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর সেবা সহজীকরণ বিষয়ে আলোচনা করেন।
আমিনুল ইসলাম বলেন, ঢাকায় রাজউকের সদর দপ্তরসহ আঞ্চলিক কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক খোলা হবে। একইভাবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়েও হেল্প ডেস্ক খোলা হবে। এটি বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা নির্মাণের অনুমোদন পেতে সহযোগিতা করবে। একটি টাস্কফোর্স থাকবে, যা বাস্তবায়ন প্রক্রিয়া ও সংস্কারকাজ পর্যবেক্ষণ করবে। এ বিষয়ে দ্রুত রাজউক ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি হবে।
বৈঠকে গণপূর্তমন্ত্রী বিনিয়োগ সহজ করতে মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাগুলোর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণপূর্তসচিব শহীদ উল্লা খন্দকার ও রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি