রাজকীয় বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে রাজকীয় কায়দায় চলছে একটি বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে শহরের বড়বাজারে চলছে সাজ সাজ রব। করা হয়েছে বড় বড় চারটি গেট। লাল-নীল মরিচবাতির আলোয় জ্বল জ্বল করছে বরের বাড়ি বড়বাজার এলাকা। অতিথি আপ্যায়নের জন্য করা হয়েছে তিনটি প্যান্ডেল। প্রায় এক মাস ধরে এসব আয়োজনের কাজ করছে শতাধিক শ্রমিক।গতকাল শুক্রবার বিকেলে বর ও কনে এলেন ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে। হাইস্কুল মাঠে হেলিকপ্টার থেকে নেমে বর-কনে বসেন টমটমে (ঘোড়ার গাড়ি)। রাজকীয় কায়দায় বাদ্যযন্ত্রের তালে তালে তাঁরা শহর পরিভ্রমণ শেষে চলে গেলেন বরের বাসভবনে। আজ শনিবার বিবাহোত্তর অনুষ্ঠানের (বউভাত) আয়োজন করা হয়েছে। নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলীর ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী আসাদুজ্জামানের সঙ্গে চাঁদপুর শহরের মোয়াজ্জেম হোসেন চৌধুরীর যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে রেবেকা চৌধুরীর বিয়ে গত ২৫ জুন রাতে ঢাকার আর্মি গলফ ক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়।মাহবুব আলী বলেন, ছেলের ইচ্ছায় প্রায় কোটি টাকা ব্যয়ে এই আয়োজন করা হয়েছে। ঢাকায় বিয়ের অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ প্রায় দুই হাজার অতিথি উপস্থিত ছিলেন। সেখানে প্রতিজনের প্লেটে দেড় হাজার টাকা মূল্যের খাদ্য সরবরাহ করা হয়। আর নীলফামারী শহরের বিবাহোত্তর সংবর্ধনার খাদ্যতালিকায় একই ধরনের আয়োজন থাকবে। এখানে পাঁচ হাজার নিমন্ত্রণ কার্ড বিতরণ করা হয়েছে। ১২ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।