রাজকীয় বিয়ের বউভাতে ১০ হাজার অতিথি
নীলফামারীর সেই রাজকীয় বিয়ের বউভাত অনুষ্ঠানে গতকাল শনিবার ১০ হাজারেরও বেশি অতিথিকে আপ্যায়ন করা হয়েছে। অতিথিদের মধ্যে ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১০ সহস্রাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। খাবারের তালিকায় ছিল মুরগির বিরিয়ানি, গরু ও খাসির মাংস, মিষ্টি, দই ও বোরহানি। তিনটি আলাদা প্যান্ডেল করে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের আয়োজক বরের বাবা মাহবুব আলী বলেন, বিকেল চারটা পর্যন্ত প্রায় ১০ হাজার অতিথি খেয়েছেন। ভিড় এড়াতে নিকটাত্মীয় ও প্রতিবেশীদের জন্য রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলীর ছেলে আমেরিকা-প্রবাসী আসাদুজ্জামানের সঙ্গে চাঁদপুর জেলা শহরের মোয়াজ্জেম হোসেন চৌধুরীর আমেরিকা-প্রবাসী মেয়ে রেবেকা চৌধুরী তৃষার বিয়ে ২৫ জুন রাতে ঢাকার আর্মি গলফ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বর-কনে ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসে স্থানীয় হাইস্কুল মাঠে নেমে টমটম গাড়িতে শহর ঘুরে বড় বাজার এলাকায় বরের বাড়িতে যান।