খাগড়াছড়ি মং সার্কেলের প্রয়াত রাজা মম্প্রু সেইন ও রানি নীহার দেবীর একমাত্র পালিত কন্যা রাজকুমারী উনিকা দেবী গত শুক্রবার পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে রাজপরিবারে শোকের ছায়া নেমে এসেছে। রাজকুমারী উনিকা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে সেখানে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো জেলার মারমা সম্প্রদায়ের মধ্যে নেমে আসে শোকের ছায়া। আগামী মঙ্গলবার মহামুনিস্থ মহাশ্মশানে প্রয়াত মা-বাবার সমাধির পাশে তাঁর মরদেহ দাহ করা হবে বলে তাঁর ছোট ছেলে কুমার চিম্প্রু সাইন জানিয়েছেন। রাজা মম্প্রু সেইন (সপ্তম রাজা) ও রানি নীহার দেবীর (অষ্টম রানি) পালিত কন্যা হওয়ার কারণে আইনি জটিলতায় উনিকা দেবী রাজত্ব পাননি ।উনিকা দেবী মং সার্কেলের সুরম্য রাজপ্রাসাদসহ ৮৫৮.৮৮ একরের ভূ-সম্পত্তি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মানিকছড়ি প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, শিক্ষক সমিতি, বাজার ব্যবসায়ী সমিতি, মারমা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।