রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ আকস্মিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে গত ২৮ ফেব্রুয়ারি হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ আকস্মিক ছিল না। এর প্রস্তুতি হয়েছিল ২৫-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তাফসির মাহফিলে। আলাপকালে একথাই জানালেন এলাকার বেশ কয়েকজন। তবে ওই তাফসির মাহফিলের বিষয়টি জানত না স্থানীয় প্রশাসন।নোয়াখালী সদর থেকে সাত-আট কিলোমিটার এবং বেগমগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে রাজগঞ্জ ইউনিয়ন। ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর বিকেলে রাজগঞ্জের দুটি গ্রাম আলাদীনগর ও টুঙ্গিরপাড়ের আটটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন, ভাঙচুর, লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় ৬৫টি হিন্দু পরিবার। এলাকাবাসী জানান, জামায়াতের নেতা-কর্মী-সমর্থকেরাই ওই নারকীয় ঘটনা ঘটায়।এলাকাবাসী জানান, ২৫-২৬ ফেব্রুয়ারির তাফসির মাহফিলে হিন্দুদের নিয়ে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধীদের বিচার প্রতিরোধেরও আহ্বান জানানো হয়। এসব বক্তব্যই ইন্ধন জোগায় ২৮ ফেব্রুয়ারির ঘটনায়। সেদিন শহর থেকে দূরের ওই ইউনিয়নে হরতাল পালনে বেশ তৎপরও ছিল হরতাল-সমর্থকেরা। এদের অনেকেই ছিল স্থানীয়দের কাছে অচেনা।নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ, পুনর্বাসন ও সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সেদিন তিনি গ্রামের বাড়ি রাজগঞ্জে ছিলেন। হরতাল পালনে এত তৎপরতা ও লোকসমাগম দেখে তিনি একটু শঙ্কিত হন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতানসহ দলীয় লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেন। বিষয়টি থানাকেও জানান তিনি।হরতাল প্রতিরোধে সাংগঠনিক প্রস্তুতি ছিল না বলে জানান টিপু সুলতান। ঘটনা শুরুর পর প্রতিরোধেরও উপায়ও আর ছিল না। এলাকার বিএনপিদলীয় সাংসদ বরকতউল্লা বুলু এত বড় ঘটনার পরও এলাকায় আসেননি। ঢাকায় বিএনপির কর্মসূচিতে প্রকাশ্য থাকলেও তিনি দাবি করেন, মামলার ভয়ে তাঁকে লুকিয়ে থাকতে হচ্ছে। তবে তাঁর প্রতিনিধি হিসেবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাখ্যা চন্দ্র দাস ইতিমধ্যে এলাকায় ঘুরে ত্রাণ বিতরণ করে এসেছেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলাম দাবি করেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ রাজগঞ্জ ঘুরে হরতালকারীদের সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করে এসেছিল। আসলে কিছু ঘটতে পারে, এটা তাঁদের ধারণায় ছিল না। তাফসির মাহফিলের কথা জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে তাঁদের জানা ছিল না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নূরুল হকও তাফসির মাহফিলের কথা জানতেন না। তিনি বলেন, তিনি উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের বলে দিয়েছিলেন, ওয়াজ বা তাফসির মাহফিল হলে যেন তাঁর অনুমোদন নেওয়া হয়।ইউএনওর সঙ্গে কথা হয় গত বৃহস্পতিবার বিকেলে রাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে। তাঁর পেছনের দেয়ালে ওই তাফসির মাহফিলের দুটি পোস্টার দেখালে তিনি বলেন, ‘রাজগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে হয়েছে এ তাফসির? আমি তো প্রধান শিক্ষকদেরও বলে রেখেছি, ওয়াজ মাহফিলের জন্য মাঠ বরাদ্দের আগে অনুমোদন আছে কি না জেনে নিতে।’রাজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবুল কাশেম বলেন, মাহফিলের আয়োজকেরা তাঁকে জেলা প্রশাসকের অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম জানান, রাজগঞ্জের কোনো মাহফিলের জন্য তাঁর কাছ থেকে অনুমোদন নেওয়া হয়নি।স্থানীয় জামায়াতের নেতা হেদায়েত উল্লাহর উদ্যোগে ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের নামে ওই তাফসির মাহফিল হয়। এতে প্রধান তাফসিরকারক ছিলেন জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মাওলানা কাজী মো. ইব্রাহীম। তিনি প্রতি সপ্তাহে শনি, সোম ও বুধবার রাত সোয়া ১১টায় দিগন্ত টেলিভিশনে ‘সরল পথে’ নামের অনুষ্ঠান করেন। দিগন্ত টেলিভিশনে যোগাযোগ করলে তাঁরা কাজী মো. ইব্রাহীমের ফোন নম্বর দিতে অপারগতা জানান। ফলে উসকানির অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। হেদায়েত উল্লাহর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ২৮ ফেব্রুয়ারির ঘটনার পর তিনি সপরিবারে বাড়ি ছেড়েছেন। তাঁর দুই ছেলে মাহবুব ও মিজানও জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।মামলায় নাম নেই: বেগমগঞ্জ থানার এসআই মিজানুর রহমান পাঠানের করা মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দেড়-দুই হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এতে নাম নেই হেদায়েত ও তাঁর ছেলেদের।ওসি জানান, ‘আসামিদের বেশির ভাগই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজগঞ্জ ইউপির চেয়ারম্যান হারুনুর রশীদের মতো বিএনপির কিছু লোকজনও রয়েছেন।’