রাজগঞ্জের ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পলাতক মো. বাবু (২০) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে রাজগঞ্জ ইউনিয়নের দিলিলপুর গ্রামের বাড়ি থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। বাবু ওই গ্রামের তোফায়েল আহমঞ্চদের ছেলে এবং ওই ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত ৬৫ নম্বর আসামি। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাঁকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জানতে চাইলে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার গোলাম শাহনেওয়াজ। গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, হিন্দুদের বাড়ি ও মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার পর থেকে বাবু পলাতক ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত এজহারনামীয় আটজনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর রাজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী আলাদীনগর এবং টঙ্গীপাড় গ্রামের হিন্দুদের বাড়ি-মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরসহ অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা।