রাজধানী ঘুরে আহত বাঘিনী সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা বনের বাঘিনীকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাঘিনীটিকে ওই সাফারি পার্কে রাখা হবে। পরে একে গাজীপুরে নির্মীয়মাণ বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হতে পারে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা থেকে রওনা দিয়ে বাঘিনীটিকে রাজধানীর আগারগাঁও বন বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়। বন বিভাগের একটি ছোট ট্রাকে করে বাঘিনীটিকে যখন আনা হয়, তখন সূর্য উঠতে শুরু করেছে।সুন্দরবনে বাঘের সীমানা বা বাড়ি ৩০ কিলোমিটার হলেও ৮ ফুট বাই ১২ ফুট আয়তনের একটি খাঁচায় করে বাঘটি রাজধানীতে পৌঁছায়। বাঘের সঙ্গে আসা বনকর্মী তারেক জানান, পুরো রাস্তায় বাঘটি তেমন কোনো সাড়াশব্দ না করলেও আরিচা ফেরিঘাটে এসে হুংকার দিয়ে বাঘটি জানিয়ে দেয়, সে ওই বদ্ধ খাঁচায় থাকতে চায় না। বেশ কয়েকবার খাঁচা খামচে ধরে বনকর্মীদের ভয় পাইয়ে দেয় পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সুন্দর এ প্রাণীটি।বন বিভাগের কার্যালয়ে আনার পর খাঁচার সামনে গিয়ে দেখা যায়, বাঘিনীটি শুয়ে আছে। এক পা কাটা এই বাঘিনী ১৪ জানুয়ারি সন্ধ্যায় সুন্দরবনসংলগ্ন খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি গ্রামের একটি বাড়িতে অতর্কিতে ঢুকে পড়ে। যে ঘরে এটি ঢুকেছিল, তার দরজা খোলা ছিল। বাড়ির লোকজন হইচই করে এবং সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘটনাটি প্রকাশিত হলে বন বিভাগ ও বন্য প্রাণী ট্রাস্টের কর্মীরা সেখানে পৌঁছান। ভোর সাড়ে পাঁচটায় ট্রাঙ্কুলাইজার গানে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে বাঘটিকে অচেতন করা হয়।