রাজধানী ছাড়ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ। ঈদের আগে গতকাল মঙ্গলবার শেষ কর্মদিবস থাকায় অসংখ্য মানুষকে ঢাকা ছাড়তে দেখা যায়। বিশেষ করে, রাতে বাস টার্মিনালগুলোতে ছিল বেজায় ভিড়। বাস ও ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছিল ১৪ আগস্ট থেকে। সে সময়ই লক্ষ করা যায়, তুলনামূলকভাবে ১৪ আগস্টের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি। গতকাল এর প্রতিফলন দেখা গেল বাস টার্মিনালগুলোতে। সকালে গাবতলী বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বাসের টিকিটের জন্য হাঁক দিচ্ছেন বিক্রেতারা। যেসব বাস অগ্রিম টিকিট বিক্রি করেনি, সেসব বাস কর্তৃপক্ষ চলতি টিকিট বিক্রি করছে।সকালে গাবতলীতে ভিড় কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে শত শত যাত্রী আসতে থাকে টার্মিনালের দিকে। অনেক সরকারি চাকুরে ঈদের আগে শেষবারের মতো অফিসে হাজিরা দিয়ে পরিবার নিয়ে চলে আসেন বাস টার্মিনালে। এ রকম একজন আলতাফ মাহমুদ। মিরপুরের এই বাসিন্দা দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছেন। হাসিমুখে বললেন, ‘এবার ঈদের আগে ও পরে বেশ কয়েক দিন ছুটি, তাই কয়েকজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারব।’কাউন্টারগুলোতে কথা বলে জানা গেল, গতকাল যাত্রীর চাপ ছিল বেশি। গভীর রাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যের বাস ঢাকা ছেড়ে যায়। এদিকে মহাখালী বাস টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের বেজায় ভিড়। বাড়তি ভাড়া: বিভিন্ন গন্তব্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। গাবতলীতে সৌদিয়া পরিবহনে রাজবাড়ী যাওয়ার টিকিট কাটেন সাজেদ মিয়া। তিনি জানালেন, আগে রাজবাড়ী যাওয়ার টিকিট ছিল ১৮০ টাকা। কিন্তু এখন ২৫০ টাকা গুনতে হচ্ছে।জানতে চাইলে সৌদিয়া বাস কাউন্টার থেকে বলা হয়, এটি শুধু তাঁরা নিচ্ছেন না। আরও অনেকেই এভাবে ভাড়া নিচ্ছেন।মহাখালী বাস টার্মিনালে দায়িত্বরত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তদারকি দলের পরিদর্শক আবদুস সালাম মিয়া প্রথম আলোকে জানান, বিআরটিএ কর্তৃপক্ষ সব সময় এখানে তদারক করছে। ফলে বাড়তি ভাড়া আদায় হচ্ছে না। কালোবাজারির অভিযোগ: কালোবাজারে টিকিট মিলছে, গতকালও এমন অভিযোগ করেন যাত্রীরা। কয়েকজন যাত্রী বলেন, টিকিট কালোবাজারির সঙ্গে বাসের একশ্রেণীর কর্মী জড়িত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র গোলাম মির্জা ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য গতকাল সকালে গাবতলী থেকে হানিফ পরিবহনের গতকাল রাতের টিকিট কালোবাজারে কেনেন। এ সূত্র ধরে এই প্রতিবেদক শ্যামলী পরিবহনে গিয়ে আমিনুল নামের একজন কর্মীর কাছে ১৫ আগস্ট রাতের টিকিট চান। পরে আমিনুল ৫০০ থেকে ৫৫০ টাকার টিকিটের দাম চান ৭৫০ টাকা। পরে আমিনুল হানিফ পরিবহনের কল্যাণপুর শাখার রনি নামের একজনের মুঠোফোন নম্বর দিয়ে বলেন, তাঁর কাছে গেলে টিকিট পাওয়া যাবে। রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সামনে এসে কথা বলতে বলেন।এ ব্যাপারে হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, টিকিট কালোবাজারির অভিযোগ সত্য নয়। তার পরও যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।