রাজধানী ঢাকা থেকে ২০ বছরের অধিক পুরোনো গাড়ি উচ্ছেদের অভিযান সফল হয়নি। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।টেবিলে উত্থাপিত নাছিমুল আলম চৌধুরীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ঢাকা শহরে ২০ বছরের বেশি পুরোনো মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো মালবাহী ট্রাক, লরি, পিকআপ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালের ১৫ জুলাই থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত রাজধানীতে এ পর্যন্ত ১০ হাজার ৪৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করে এক কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা আদায় করেছেন। এ ছাড়া ৪৭০টি গাড়ি আটক করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।আবদুল্লাহ আল কায়সারের লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে ট্যাক্সিক্যাবচালক মোহাম্মদ আলী চৌধুরীর সুপারিশ আমলে নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। গত ২৩ ও ৩০ জানুয়ারি মন্ত্রণালয়ে যানজট নিরসনের ব্যাপারে বৈঠকে মোহাম্মদ আলী যানজট নিরসনে তাঁর উদ্ভাবিত প্রস্তাবগুলো পেশ করেন। প্রস্তাবগুলো দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো গ্রহণ করা হবে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে: গাড়ির গতি নিয়ন্ত্রণ, ব্যক্তিগতভাবে না করে সমবায় সমিতির মাধ্যমে বাস-ট্রাক পরিচালনা করা, শহরের বাইরে বহুতল বাস টার্মিনাল রাখা, অন্য জেলার বাস ঢাকা শহরে প্রবেশে কড়া নিষেধাজ্ঞা আরোপ, গাবতলী থেকে যাত্রাবাড়ী চলাচলকারী যানবাহন আজিমপুর-পলাশী-বুয়েট-গুলিস্তান-সায়েদাবাদ রেলগেট রুটে চলাচলের ব্যবস্থা, ঢাকার রেললাইনের দুই পাশ দিয়ে সমান্তরাল সড়ক ও রেলগেটের ওপর বাধ্যতামূলক ফ্লাইওভার নির্মাণ, পার্কিং কঠোরভাবে নিয়ন্ত্রণ ও আইন ভঙ্গকারী গাড়ির মালিকদের মামলা নিষ্পত্তির জন্য সশরীরে হাজিরার বিধান রাখা, ট্রাফিক পুলিশের পরিবর্তে হলুদ পোশাকের ‘ইউ’ ট্রাফিক গার্ড গঠন ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা, রাস্তায় কোনো ডাস্টবিন না রাখা ইত্যাদি।মেহের আফরোজের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা-কাঠমান্ডু সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সরকারের বিবেচনায় রয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহারে নেপালকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত সড়কটি এশিয়ান হাইওয়ের অংশ বিধায় ঢাকা-কাঠমান্ডু সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারিভাবে ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৮৩টি সিএনজি পাম্পস্টেশন তৈরির অনুমতি দেওয়া হয়েছে।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, ১৯৯৮ থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে এক হাজার ৮১৯ কোটি টাকার টোল আদায় হয়েছে। সালমা ইসলামের প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় ৫৭৫ কোটি ৮১ লাখ ৪১ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় এক হাজার ৩৪০ কোটি ১১ লাখ ৮৭ হাজার টাকা।নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ঠিকাদারকে ২০১০ সালে কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে এ প্রকল্পের কাজ শেষ হবে। জহিরুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশের এফআইআর অনুযায়ী ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় দুই হাজার ৬৪৬ জন নিহত হয়েছে।জাফর ইকবাল সিদ্দিকীর প্রশ্নের জবাবে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানান, ২০০৯-১০ অর্থবছরে ২ দশমিক ৮৮ লাখ মেট্রিক টন পাট এবং ৫ দশমিক ৭৭ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করা হয়েছে। এ থেকে আয় হয়েছে প্রায় পাঁচ হাজার ৬০ কোটি টাকা। চলতি অর্থবছরে ৩ দশমিক ৬০ লাখ মেট্রিক টন পাট এবং ৬ দশমিক ৫০ লাখ মেট্রিক টন পাটজাত দ্রব্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।