রাজধানী প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকা থেকে শাহবাগ পর্যন্ত গতকাল শুক্রবার পরীক্ষামূলকভাবে সড়কে ১৪০টি এলইডি বাতি লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পর্যন্ত আরও ৬০টি বাতি লাগানো হবে।
ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকার সড়কে প্রায় ৩২ হাজার এলইডি বাতি লাগানো হবে। ইতিমধ্যে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ২ হাজার ৬০০টি বাতি কেনা হয়েছে। গতকাল প্রাথমিকভাবে এই সড়কে এসব বাতি লাগানো হয়েছে।
গতকাল রাত আটটার দিকে দেখা যায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে সোনারগাঁও হোটেল মোড় পর্যন্ত সড়কে জ্বলছে এলইডি বাতি। সড়ক ও ফুটপাতে আছে পর্যাপ্ত আলো। তবে বাংলামোটর ও পরীবাগ এলাকায় ২০ থেকে ২৫টি বাতি বন্ধ হয়ে আছে। তা ঠিক করতে কাজ করছেন ডিএসসিসির কর্মীরা। ডিএসসিসির বিদ্যুৎ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাফর আহমেদ বলেন, সব এলাকায় বাতি লাগানোর পর ডিএসসিসি থেকে তা নিয়ন্ত্রণ করা হবে।