রাজধানী প্রায় বর্জ্যমুক্ত দুর্গন্ধও কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ওয়ারী, পরীবাগ, উত্তরার ৮ নম্বর সেক্টরসহ রাজধানীর কিছু কিছু এলাকা থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত কোরবানির পশুর বর্জ্য না সরানো বা রক্ত জমে থাকার অভিযোগ ছিল।
তবে গতকাল দুপুরের মধ্যে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য সরানো হয়েছে। রাজধানীর বিভিন্ন পশুর হাট, পাড়া-মহল্লার অলিগলি থেকে বর্জ্য নিয়ে আমিনবাজার ও মাতুয়াইল আবর্জনার ক্ষেত্রে ফেলা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আওতাধীন এলাকাকে কোরবানির পশুর বর্জ্যমুক্ত করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা গতকাল দুপুরে বনানী পশুর হাট এলাকায় সংবাদ সম্মেলন করে বর্জ্য অপসারণ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
তবে গতকাল সকালে ও পরশু নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পশুর হাট ছাড়াও রাজধানীর প্রধান সড়ক ও অলিগলি থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে এবং হচ্ছে। অনেক এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে বর্জ্য পরিষ্কার করেছেন।
ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৬ হাজার টনের মতো বর্জ্য অপসারণ করা হয়। ময়লাবাহী ৩০০ গাড়ি এবং নিয়মিত ও অনিয়মিত প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক এ কাজ করেন।
এদিকে ওয়ারী, পরীবাগ, রামকৃষ্ণ মিশন রোড, পূর্ব গোলাপবাগ প্রভৃতি এলাকার রাস্তায় গতকাল দুপুরেও বর্জ্য ও রক্ত জমে থাকতে দেখা যায়। দুর্গন্ধও ছিল।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান এ বিষয়ে বলেন, ওয়ারী ও আশপাশের এলাকায় গতকালও ৫০টির মতো পশুর কোরবানি হয়েছে।
উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায়ও বর্জ্য জমে থাকার অভিযোগ পাওয়া যায়। বিপন কুমার সাহা বলেন, ওই বর্জ্য সিটি করপোরেশনের বাইরের এলাকার।