রাজধানী সাভার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার, সাভার ও আশুলিয়ায় গতকাল বুধবার বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কল্যাণপুরে অবস্থিত নিউ ওয়েব অ্যাপারেল লিমিটেডের শতাধিক শ্রমিক বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নেন। তাঁরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বিজিএমইএ কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। বেলা একটা পর্যন্ত এই অবস্থা চলে। পরে শ্রমিকদের কয়েকজন প্রতিনিধি বিজিএমইএ কার্যালয়ে ঢুকে সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেন। সংগঠনের নেতারা তাঁদের বকেয়া বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর পুলিশ বুঝিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। কারখানা খুলে দেওয়া এবং পোশাকশ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, পারিশ্রমিক বাড়ানোর দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা গতকালও বিক্ষোভ করেন।আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার ফাউন্টেন ও পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টসের শ্রমিকেরা সকাল আটটার দিকে কারখানার সামনে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। ফাউন্টেনের শ্রমিকেরা তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রতাহারেরও দাবি জানান। শ্রমিক অসন্তোষের কারণে গত সোমবার পার্ল ও গত মঙ্গলবার ফাউন্টেন কারখানা বন্ধ ঘোষণা করা হয়। আশুলিয়ার খেজুরবাগানের সিআইপিএল নামের একটি কারখানার শ্রমিকেরা গতকাল কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন। পরে কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করে দিয়ে বিকেলে বৈঠকে বসেন। বৈঠকে দাবিদাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না হলেও আজ বৃহস্পতিবার কারখানা খোলার সিদ্ধান্ত হয়।সিআইপিএল শ্রমিকেরা অভিযোগ করেন, দাবিদাওয়া আদায়ের জন্য বিক্ষোভ করলেই কর্তৃপক্ষ শ্রমিকদের নামে-বেনামে মিথ্যা অভিযোগে থানায় মামলা করেন।