রাজধানী সুপার মার্কেট এলাকার রাস্তার দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিন। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। কেনাকাটায় সুবিধা। গোপীবাগ জিয়া মাঠ এলাকা থেকে রিকশায় টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে যাচ্ছিলেন দিনা ইসলাম। সঙ্গে ছয় বছরের ছেলে। পুলিশের উপকমিশনারের সাবেক কার্যালয়ের পাশ দিয়ে যেতেই কাত হয়ে গেল রিকশা। পড়ে গিয়ে আঘাত পেলেন ছেলেকে নিয়ে মা। কেনাকাটা হলো না।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি যখন ঘটে, তখন কাত হয়ে যাওয়া রিকশার সামনে বা পেছনে কোনো যানবাহন ছিল না। নইলে বিপদ আরও বাড়তে পারত। এ কথা বললেন রাস্তার পাশের কাপড়ের দোকানি আবদুল আলিম। কয়েক দিন আগে এই ভাঙা রাস্তায় মোটরসাইকেল উল্টে পড়ে, পেছন থেকে আসছিল একটি ব্যক্তিগত গাড়ি। মোটরসাইকেলচালকের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। রাস্তার কারণেই এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। ওই দোকানের একজন ক্রেতা আকিল প্রশ্ন করেন, ‘এ রাস্তা কবে ঠিক হবে?’
হাটখোলা পদচারী-সেতু পেরিয়ে বাঁয়ে মোড় নিলে স্বামীবাগ, সেখানেও রাস্তা খারাপ। সোজা গেলে রাজধানী সুপার মার্কেট। কেনাকাটা করতে গিয়ে ভাঙা রাস্তার বিড়ম্বনা এড়াতে অনেকেই এখন এদিকটায় আসেন না বলে ক্ষোভ জানান মার্কেটের ব্যবসায়ীরা। দুর্ঘটনা ছাড়াও রাস্তার দুরবস্থার জন্য সেখানে নিয়মিত যানজটও হয়।
রাজধানী সুপার মার্কেটের একটি তৈজসপত্রের দোকানের ব্যবস্থাপক শামসুল আলম বললেন, গত এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে থেকেই রাস্তাটি চলাচলের প্রায় অযোগ্য। নির্বাচনের আগে মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন কাউন্সিলর প্রার্থীরা। পরে বলা হয়েছে, বর্ষা মৌসুম গেলে মেরামত করা হবে। কিন্তু এখনো তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রাজধানী সুপার মার্কেট হয়ে সোজা ওয়ারী বলধা গার্ডেনে যাওয়ার পথটি বন্ধ। ওই পথকে হাতের ডানে রেখে ওয়ারী যেতে হলে প্রায় ২০০ মিটার রাস্তা ঘুরে যেতে হবে। সেই রাস্তার অবস্থা আরও খারাপ। রাজধানী মার্কেট মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের পাশ থেকে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল পর্যন্ত পুরো রাস্তা ভাঙাচোরা। একেকটি বাস যাচ্ছে আর ধুলায় ভরে যাচ্ছে চারদিক। গতকাল শনিবার বেলা একটার দিকে দেখা গেল যাত্রীবাহী বাসগুলো চলছে হেলেদুলে। মনে হচ্ছে পাশের রিকশা বা পথচারীর গায়ে এখনই কাত হয়ে পড়ে যাবে।
ওয়ারী ওয়্যার স্ট্রিটের বাসিন্দা মোহসীন আলী বললেন, রিকশায় করে মার্কেট এলাকা থেকে হাসপাতাল পর্যন্ত যেতেই হাড়ে হাড়ে টের পাওয়া যায় একটি রাস্তা কতটা খারাপ হতে পারে। হেঁটে গেলে প্রতিনিয়ত হোঁচট খাওয়ার ভয়। তিনি বলেন, এই একটি রাস্তার কারণে ওয়ারী, নারিন্দা, দয়াগঞ্জসহ আশপাশের এলাকার লাখ লাখ বাসিন্দা বছরের পর বছর চলাচলে কষ্ট করছেন।
চট্টগ্রাম থেকে বোনের বাড়ি ওয়ারীর লারমিনি স্ট্রিট বেড়াতে এসেছেন কাকলী দাশগুপ্ত। বললেন, মেয়েকে নিয়ে রাজধানী মার্কেটে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। আসা-যাওয়ার পথে ধুলাবালু আর ভাঙা রাস্তার কারণে ধকল পোহাতে হয়েছে প্রচণ্ড। তিনি বলেন, পাঁচ বছর আগে এসেছিলেন, তখন উড়ালসড়ক (গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার) নির্মাণের কারণে রাস্তা ছিল ভাঙা, যা ছিল স্বাভাবিক। কিন্তু এখন কেন রাস্তার এমন দশা?
রাজধানী সুপার মার্কেট এলাকাটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর ময়নুল হককে রাস্তার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ওই এলাকা থেকে সায়েদাবাদ রেলগেট পর্যন্ত সড়ক মেরামতের জন্য ১১ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়েছে। এ মাসেই দরপত্র হবে।