রাজধানীজুড়ে মশার উপদ্রব, অতিষ্ঠ জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নির্ধারিত সময়ের পাঁচ মাস পর কেনা হয় মশার ওষুধ। তাও প্রয়োজনের এক-তৃতীয়াংশ। দক্ষিণ সিটি করপোরেশন থেকে ওষুধ ধার করে উত্তর এলাকার মশা মারার অভিযান চালানো হয়েছে। তাতেও মশা কমেনি।

রাজধানীর কাফরুল এলাকার মানুষ মনে করতে পারেন না, শেষ কবে ওই এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছিল। ওই এলাকার বাসিন্দা আবদুর রউফ বলেন, ‘অসহায়ের মতো মশার কামড় খেয়েই চলেছি।’

রাজধানীতে এমন অসহায় অবস্থায় আছেন বহু মানুষ। পুরান ঢাকার ঘিঞ্জি গলি থেকে গুলশান-বনানী-উত্তরার মতো অভিজাত এলাকা—সবখানেই মশার উৎপাতে মানুষ অতিষ্ঠ।

মশা বেড়ে যাওয়ার কারণ হিসেবে দুই করপোরেশনের কিছু কর্মকর্তা নর্দমাগুলোর ঢাকনাকে দায়ী করেছেন। তাঁরা বলছেন, নর্দমার ঢাকনার কারণে ওষুধ ছিটানো যায় না। অন্যরা বলছেন, শূককীট (লার্ভা) মারার ওপর জোর না দেওয়ায় মশা বাড়ছে।

গত সপ্তাহে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, গুলশান, বনানী, উত্তরার প্রায় ৭০ ভাগ নর্দমা ঢাকনাযুক্ত।   শূককীট নষ্ট করতে না পারলে উড়ন্ত মশা মেরে লাভ নেই। এ ছাড়া দুই করপোরেশনের বিভিন্ন  লেক ও জলাশয় পরিষ্কার না করার কারণেও মশা বাড়ছে।

অপর্যাপ্ত ওষুধ: অভিযোগ আছে, দুই সিটি করপোরেশনেই কর্তাব্যক্তিদের ব্যয়ের চেয়ে আয়ের খাতের দিকে ঝোঁক বেশি। মশা মারার বিষয়টি ব্যয় খাতের। গত অর্থবছরে মশা মারার জন্য ডিএনসিসির বাজেট ছিল নয় কোটি টাকা। খরচ করে পাঁচ কোটি টাকা।

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ছিল সাড়ে ১৪ কোটি টাকা। খরচ করে আট কোটি টাকা।

সূত্র জানায়, ডিএনসিসির চলতি বছরের জুলাইয়ে মশা মারার ওষুধ ও আনুষঙ্গিক জিনিস কেনার জন্য টাকার অঙ্ক দেখে প্রথমেই ফাইল সরিয়ে রেখেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রায় পাঁচ মাস পর অর্থ অনুমোদন হয়।

সূত্র আরও জানায়, পরে প্রয়োজনের চেয়ে কম ওষুধ কেনা হয়। সরবরাহও হয় দেরিতে। সংকটের সময়ে দক্ষিণ সিটি করপোরেশন থেকে ওষুধ ধার করা হয়।

উত্তর সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্রমতে, করপোরেশনে উড়ন্ত মশা মারার ওষুধ লাগে বছরে দুই হাজার ৭০০ লিটার। ধার করা এবং কেনা ওষুধ মিলে হয় মাত্র ৯০০ লিটার।

অন্যদিকে শূককীট মারার ওষুধ লাগে ৪০ হাজার ৫০০ লিটার। সময়মতো শূককীট মারার ওষুধও কেনা হয়নি। এই অঞ্চলে শূককীট মারার ওষুধ ছিটানোর যন্ত্র আছে ২৭টি। ওষুধের অভাবে ২৪টি মেশিন ব্যবহার করা যায়নি।

আফজালুর রহমান প্রথম আলোকে বলেন, উড়ন্ত মশা ও শূককীটের জন্য ওষুধের দরপত্র আহ্বান করা হয়েছে।

বাস্তব চিত্র: মিরপুর ১৪ নম্বরের বড়বাজার এলাকার রাখী দেবনাথ মশার উপদ্রবে অতিষ্ঠ। ক্ষোভের সঙ্গে এই গৃহিণী বলেন, ‘মশা মারা নিয়ে প্রতিবছর আর কত ধোঁকাবাজি চলবে? করপোরেশন দুভাগ হওয়ার পর এই চালাকি আরও বেড়ে গেছে।’

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গোপীবাগ এলাকার বাসিন্দা ও গৃহিণী নার্গিস আকতার বলেন, দিনের বেলায় বাচ্চা ঘুমালে মশারি টানাতে মাঝেমধ্যে ভুলে যান। মশার কামড়ে অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা।

ঢাকার দুই সিটি করপোরেশনেই এখন এই পরিস্থিতি। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

পুরান ঢাকার হেয়ার স্ট্রিট এলাকার বাসিন্দা আবদুল গফুর বাড়ির সামনের নর্দমা দেখিয়ে বললেন, মশার এই উৎস নষ্ট করার তৎপরতা এত দিনেও দেখা যায়নি। মাঝেমধ্যে বিকট শব্দে ধোঁয়া ছড়িয়ে সিটি করপোরেশনের মাঠকর্মীরা চলে যান। কিন্তু মশা মরে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বশীল সূত্রমতে, বিভিন্ন এলাকায় মশার উৎপাত বাড়ার প্রধান কারণ নালা-নর্দমা-ডোবায় মশার শূককীট নিধনে কাজ হয়েছে কম।

এ ছাড়া, উড়ন্ত মশা নিধনের ওপর জোর দিয়ে কীটনাশক ও যন্ত্র কিনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। কীটনাশকে কাজ হয়নি, যন্ত্রগুলো অব্যবহূত পড়ে থাকে বেশির ভাগ সময়। সে তুলনায় শূককীট মারার ওষুধ কম কেনা হয়; যা কেনা হয়, তাও ছিটানো হয় না।