রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আগমন এবং আর্জেন্টিনা-নাইজেরিয়া ফুটবল খেলাকে ঘিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামসহ রাজধানীতে পুলিশ ও র‌্যাবের ১৫ হাজার সদস্য নিয়ে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। এ ছাড়া রাজধানীর সর্বত্র চলছে গোয়েন্দা নজরদারি।সংশ্লিষ্ট সূত্রমতে, গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়াম ঘিরে ছিলেন পুলিশের সাড়ে চার হাজার ও র‌্যাবের ৫০০ সদস্য। বিকেল থেকেই স্টেডিয়ামের আশপাশ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের নারী সদস্যরা টহল দেন। আশপাশের বহুতল ভবনের ছাদে অবস্থান নিয়েছেন চৌকস নিরাপত্তাকর্মীরা।এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ ও র‌্যাবের ১০ হাজার গোয়েন্দা সদস্য নজরদারি করছেন। খেলা উপলক্ষে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষ ইউনিট সোয়াত টিমের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিকেল থেকে স্টেডিয়ামের আশপাশের মুক্তাঙ্গন, গোলাপশাহ মাজার, মতিঝিল শাপলা চত্বরসহ বিভিন্ন সড়ক বন্ধ থাকে।সরেজমিনে দেখা যায়, আর্চওয়ে ব্যবহার করে দর্শনার্থীদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢোকানো হচ্ছে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে ভিডিও ক্যামেরা সচল ছিল। সন্দেহভাজন ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে স্টেডিয়ামে ঢোকার ফটক ও আশপাশের এলাকায় সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানো হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে মানুষকে সহায়তা দিতে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ বসানো হয়।পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা জানান, ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যদের পাশাপাশি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) মনমোহন সিংয়ের মূল নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। তাদের সহযোগিতা করছে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। মনমোহন সিংয়ের চলাচলের জন্য যেসব পথ ব্যবহার করা হবে, সেসব স্থানে পোশাকধারীর পাশাপাশি র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ মোতায়েন থাকছে।আজ বুধবার ভারতের প্রধানমন্ত্রী বঙ্গভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবনে যাবেন। এ সময় এসব সড়কের আশপাশে যান চলাচল বন্ধ থাকবে।