রাজধানীজুড়ে দুর্ভোগ
বেলা আড়াইটা। মিরপুর সড়কে মোটরসাইকেল আরোহী, বাসযাত্রী, টেম্পোযাত্রী—যে যার জায়গায় বসা। আড়ংয়ের সামনে থেমে থাকা অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দ শোনা যাচ্ছে। ভেতরে বসা রোগীর স্বজনেরা শীতের দুপুরেও হাতের কাগজ দিয়ে বাতাস করছেন। রোগীকে নিয়ে কখন গন্তব্যে পৌঁছাবেন, তার তো কোনো নিশ্চয়তা নেই।
শুধু মিরপুর সড়ক নয়, গতকাল পুরো নগরজুড়ে যানজট পরিস্থিতি ছিল এ রকমই। ট্রাফিক পুলিশের কর্মকর্তারা স্বীকার করেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের সমাবেশের প্রভাব পড়েছিল অব্যাহত যানজটের ওপর। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ওই জনসভার আয়োজন করে।
তাহলে এ ধরনের যানজট থেকে রাজধানীবাসীর কি কোনো দিনই মুক্তি মিলবে না—মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদারের জবাব, রাজধানীর সব উড়ালসড়কের কাজ শেষ হয়ে গেলে যানজট থেকে ঢাকাবাসীর মুক্তি মিলবে।
রাজধানীর জন্য যানজট কোনো নতুন খবর নয়। কিন্তু গতকাল তার মাত্রা ছিল ভয়াবহ। এর সূচনা হয় সকাল থেকে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সচিবালয়ে যাওয়ার কারণে বিভিন্ন রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। দুপুরে প্রধানমন্ত্রী গণভবনে ফেরার সময় আরেক দফা বন্ধ হয়। বিকেলে তিনি যান সমাবেশে। সেখান থেকে ফেরার সময়ও রাস্তা বন্ধ ছিল। এর মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবন থেকে র্যা ডিসন হোটেলে একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে আসেন শেরেবাংলা নগরে। দুপুরে শেরেবাংলা নগর থেকে বঙ্গভবনে ফেরেন রাষ্ট্রপতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির যাতায়াতের সময় নিরাপত্তার কারণে স্বাভাবিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এর প্রভাব পড়ে পুরো শহরে।
এর ওপর ছিল আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানমুখী খণ্ড খণ্ড ছোট-বড় মিছিল, যা গতকাল রাজধানীকে একেবারেই স্থবির করে দেয়। ফলে যানবাহন থেমেই থেকেছে। আর এর শিকার হয়েছেন পথ চলতি মানুষ।
দুপুর ১২টার দিকে পান্থপথে সিএনজিচালিত অটোরিকশা ছিল না বললেই চলে। বসুন্ধরা শপিং মলের সামনে থেকে যত দূর চোখ যায় রিকশা, ব্যক্তিগত গাড়ি ও সিএনজিতে বসে থাকতে হয়েছে লোকজনকে। এই বেহাল অবস্থা ছিল বিকেলেও। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কে ছিল থমকে থাকা যানবাহনের সারি।
মিরপুরের কাজীপাড়া থেকে বাসে কারওয়ান বাজারে যেতে সময় লাগে ২৫-৩০ মিনিট। গতকাল লেগেছে দুই ঘণ্টা বা তারও বেশি। মিরপুর থেকে গুলিস্তান ও মতিঝিলগামী গাড়ির ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে যাত্রীদের নাভিশ্বাস ওঠে। অনেকেই বাস থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেন।
দুপুরের দিকে গণভবনে ঢোকার রাস্তাটি বন্ধ করে রাখা হয়। আড়ংয়ের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাত্রীরা ঢুকতে গিয়ে আবার বিপাকে পড়েন। ডাইভারশনের জন্য এখানকার রাস্তাও আটকে দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে বিভিন্ন যানবাহনের চালকদের বিরক্তি চরমে। মোটরসাইকেল আরোহীদের কয়েকজন সুযোগ পান বন্ধ সড়কটি পার হওয়ার। ফার্মগেটে খামারবাড়ির কাছ থেকে গাড়ির লাইন আঠার মতো আটকে থাকে। সমাবেশে যোগ দেওয়ার জন্য ভাড়া করা বিভিন্ন বাস নিয়ম না মেনে আইল্যান্ডের উল্টো পাশ দিয়ে এগিয়ে যায়। বাসের ছাদ পর্যন্ত সমাবেশে যোগ দিতে যাওয়া মানুষে ঠাসা।
যানবাহন না এগোনোয় যাত্রীরা অগত্যা হাঁটা শুরু করেন। কিন্তু যাঁরা নিজস্ব গাড়ি ও মোটরসাইকেলে ছিলেন, তাঁরা পড়েন বিপাকে। সন্ধ্যার পর মানিক মিয়া অ্যাভিনিউর দুই পাশ বাস-প্রাইভেট কার-মোটরসাইকেলে একাকার হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক বাবুল মিয়া বলেন, বিকেল পাঁচটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে গুলশানের এক যাত্রী ওঠেন। কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসতেই সময় লেগেছে সোয়া এক ঘণ্টা।
মালিবাগ শান্তিনগর মোড় থেকে বেইলি রোড, সিদ্ধেশ্বরী রোড, মালিবাগ মোড় থেকে মগবাজার চৌরাস্তা হয়ে বাংলামোটর এবং উত্তরে তেজগাঁও রেলক্রসিং হয়ে হাতিরঝিল মোড় পর্যন্ত পুরো এলাকা ছিল যানজটে স্থবির। একই অবস্থা ছিল কাকরাইল মসজিদ থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কেও। ফ্লাইওভার নির্মাণের কারণে মগবাজার মোড় থেকে মালিবাগ মোড় পর্যন্ত সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে পথে যানবাহনের ভেতর আটকে থেকে যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে ভিকারুননিসা নূন স্কুলের দিবা শাখার (বিকেলে) ছুটির পর শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বাড়ি ফিরতে দীর্ঘ সময় পথে আটকে থাকতে হয়েছে।
শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত রাস্তাটি বন্ধ থাকায় গতকাল যানবাহনগুলোকে শেরাটন ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হয়। সমাবেশের জন্য আসা বাসগুলো শেরাটন ক্রসিং থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত সড়কে পার্ক করা ছিল। সমাবেশের শেষের দিকে বাস ভরে যখন নেতা-কর্মীরা ফিরতে শুরু করেন, তখনো অনেকটাই স্তব্ধ নগর।