দেশজুড়ে জামায়াত-শিবিরের সহিংস ঘটনার পর গতকাল শুক্রবার রাজধানীর পরিস্থিতি ছিল থমথমে। পুরো শহর ছিল নিরাপত্তা বাহিনীর নজরদারির ভেতরে। সকাল থেকে রাস্তায় যানবাহন চলাচলও ছিল কম। তবে এমনিতেই গতকাল সাপ্তাহিক ছুটির দিন থাকায় অফিস-আদালত বন্ধ ছিল। অনেক এলাকায় দোকানপাট খোলেনি।এত নিরাপত্তা প্রস্তুতির পরও গতকাল দুপুরে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেলা পৌনে দুইটার দিকে জুমার নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ কয়েক দফা কাঁদানে গ্যাসের নাম ও রাবার বুলেট ছুড়লে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, জামায়াত-শিবিরের অন্তত ৫০ জন নেতা-কর্মী মিছিল বের করার চেষ্টা করেছিলেন। পুলিশের বাধার মুখে তাঁরা তা করতে ব্যর্থ হন। দেশের বিভিন্ন স্থানে গত শুক্রবারের ঘটনার পর রাজধানীতে গতকাল ছিল আতঙ্ক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপস্থিতি কম ছিল। সংঘাতের আশঙ্কায় গতকাল বায়তুল মোকাররম মসজিদকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি ছিল। সকাল থেকে মসজিদের আশপাশের এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। মসজিদের উত্তর ফটক আগেই বন্ধ করে দেওয়া হয়। মসজিদে প্রবেশের জন্য দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ফটক ব্যবহার করতে দেওয়া হয়েছে। মসজিদের প্রবেশপথগুলোতে মুসল্লিদের তল্লাশি করেছে পুলিশ। গতকাল আওয়ামী লীগ ও এর সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের অনেকেই বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন।সূত্র জানিয়েছে, দলের নির্দেশ অনুসারে রাজধানীর সব ওয়ার্ডে গতকাল জুমার নামাজের আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগের নেতারা মসজিদে যান। নামাজের পর তাঁরা দল বেঁধে মসজিদ থেকে বের হয়ে আসেন। সরকারি দলের কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণেই রাজধানীর পরিস্থিতি শান্ত ছিল। গতকাল বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মহীবুল্লাহিল বাকী জুমার নামাজে ইমামতি করেন। বায়তুল মোকাররমের চারপাশ ঘিরে ছিল প্রচুর পুলিশ-র্যাব। ছিল সাঁজোয়া যান, দাঙ্গা দমনের উপকরণ।