রাজধানীজুড়ে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান
রাজধানীজুড়ে গতকাল শনিবার ছিল স্বাধীনতা দিবসের অসংখ্য অনুষ্ঠান। মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠান গভীর শ্রদ্ধার সঙ্গে উদ্যাপনের জন্য সরকারি-বেসরকারি সংস্থাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সভা-সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গতকাল ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি ছুটে যায় সাভার জাতীয় স্মৃতিসৌধে। প্রায় দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বেজেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। ধানমন্ডির বঙ্গবন্ধু জাদুঘরে গিয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে ও কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মুক্তিযুদ্ধ অনিঃশেষ চল্লিশে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে নেমেছিল জনতার ঢল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন ছাত্রাবাসে এ উপলক্ষে ছিল বিভিন্ন কর্মসূচি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সকালে মোহাম্মদপুর কলেজ গেটে সমাবেশের আয়োজন করে। সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ এ সময় দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করেন।প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমদ গতকাল জাতীয় প্রেসক্লাবে ছাব্বিশে মার্চের স্মৃতিচারণা করেন। ওই দিন কালরাতে প্রেসক্লাবে আটকে থাকা, পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে আহত হয়ে কোনো রকম বেঁচে যাওয়ার ঘটনা তুলে ধরেন ফয়েজ আহমদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল হাসান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের সন্তানেরা নাচ-গান ও আবৃত্তির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্যাপন করে।সেনা, নৌ ও বিমানবাহিনীর বাদকদল যথাক্রমে ক্রিসেন্ট লেক (সংসদ ভবন এলাকা), ফার্মগেটের পার্ক এলাকা এবং মিরপুরের শেরেবাংলা নগর জাতীয় স্টেডিয়ামে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যন্ত্রসংগীত পরিবেশন করে। লালবাগ এলাকায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে নারী ও শিশু উন্নয়ন পরিষদ।বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ জাতীয় চার নেতা ও বীর শহীদ এবং সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের উদ্দেশে সালাম (স্যালুট) জানায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজন করে রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রার।এ ছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, দুর্নীতি দমন কমিশন, জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, নৌকার নতুন প্রজন্ম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, মওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক সমাজ ফ্রন্ট, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ, বাংলাদেশ ক্যানসার সোসাইটি। এ ছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, জাতীয় কৃষক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, জাতীয় নাগরিক সমাজ, বাংলাদেশ ছাত্রলীগ, কৃষিবিদ ইনস্টিটিউশনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।