রাজধানীর মিরপুর বেড়িবাঁধে অজ্ঞাত এক যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে পুলিশ শাহ আলী থানার নবাবের বাগসংলগ্ন মিরপুর বেড়িবাঁধের পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পুরুষাঙ্গ বিচ্ছিন্ন এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। যুবকের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট আছে।শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।দুর্ঘটনায় মৃত্যু: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা থানার আজমপুর ফুটওভারব্রিজের নিচে বাসের চাকায় পিষ্ট হয়ে আলেহা বেগম (১৭) নামে এক তরুণী মারা গেছে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আলেহার গ্রামের বাড়ি পঞ্চগড়ের মধুপাড়ায়। তার বাবার নাম সাইফুল ইসলাম।গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিজয় সরণির মোড়ে একটি ট্রাক পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বালুভর্তি ট্রাকের ওপর বসে থাকা শ্রমিক ফারুক হোসেন ছিটকে রাস্তায় পড়ে মারা যান।গলায় ফাঁস নিয়ে মৃত্যু: গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মাজার রোড প্রথম কলোনির ভাড়া বাসার একটি কক্ষে নয়ন (১৮) নামে এক তরুণ সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন। গোঙানির শব্দে বাসার লোকজন ছুটে গিয়ে সিলিং ফ্যান থেকে তাঁকে দ্রুত নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নয়নের মা রানী বেগম দাবি করেন, বড় ভাইয়ের বকুনি খেয়ে নয়ন আত্মহত্যা করেন। দারুসসালাম থানা সূত্র জানায়, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।