রাজধানীতে অজ্ঞান পার্টির ১১ সদস্য আটক
রাজধানীর বংশাল থানার সুন্দরবন স্কয়ার মার্কেট, পল্টন ও দোলারইপাড় এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও চেতনানাশক ওষুধসহ ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মুঠোফোন, অজ্ঞান করার কাজে ব্যবহূত চেতনানাশক ওষুধ, মলম, নেশা জাতীয় দ্রব্য মেশানো ওষুধ, খেজুর, হালুয়া, বিস্কুট উদ্ধার করেছে ডিবি। এ ছাড়া পাঁচ হাজার ৫০০ পিস নেশাজাতীয় ওষুধ জব্দ করেছে ডিবি।
আটক ব্যক্তিরা হলেন অজ্ঞান পার্টির মূল হোতা ফরিদ হোসেন (২৫), আবদুল হামিদ (২৩), মো. রাব্বি (২৩), আবদুল হক (৬৯), মো. আনিস খান (৩০), সায়েদুল (২৫), বাবু কাজী, খলিলুর রহমান, আরিফ হোসেন, নাসির উদ্দিন ও মিজানুর রহমান ।
জিজ্ঞাসাবাদে আসামিরা অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁরা জানান, ফকিরাপুলের গাউসিয়া ফার্মেসি ও দোলাইরপাড়ের সোমা মেডিসিন সেন্টার থেকে তাঁরা বেশি দামে নেশা জাতীয় ওষুধ কেনেন। পরে ডিবি এসব দোকান থেকে পাঁচ হাজার ৫০০ পিস উচ্চমাত্রার নেশা জাতীয় ওষুধ জব্দ করে।
অজ্ঞান পার্টির দলনেতা ফরিদ জানান, পয়লা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজার আগে অজ্ঞান পার্টি বেশি তত্পর হয়। এসব সময় তাঁরা হালুয়া, বিস্কুট খেজুর, ডাবের পানি, ইসবগুলের পানি, ইফতারির মধ্যে নেশাজাতীয় দ্রব্য মেশান। দলের অন্য সদস্যরা জানান, গাড়ির ভেতরে যাত্রীর পাশে বসে প্রথমে তাঁরা অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন। পরে তাঁকে নেশা জাতীয় ওষুধ মেশানো খাবার খাওয়ান। ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়লে তাঁর কাছ থেকে নগদ টাকা পয়সা, মুঠোফোনসহ মূল্যবান সবকিছু নিয়ে যান। নেশা জাতীয় খাবার খাওয়ার পরে অনেকে দুই বা তিনদিন অজ্ঞান থাকেন। অনেকে মারাও যেতে পারেন। অনেক সময় গাড়িতে কবিরাজি ওষুধ বিক্রেতা হিসেবেও অজ্ঞান পার্টির সদস্যরা কাজ করেন। নেশাজাতীয় দ্রব্য মেশানো ওষুধ যাত্রীদের কাছে বিক্রি করা হয়।