রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল এএসআইয়ের

রাজধানীর বাসাবো এলাকায় বুধবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনোয়ার হোসেন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।
নিহত আনোয়ার হোসেন রাজধানীর মালিবাগে সিআইডি ব্যারাকে থাকতেন। দুই সন্তান নিয়ে তাঁর স্ত্রী মানিকগঞ্জের সাটুরিয়ায় থাকেন।
সবুজবাগ থানা-পুলিশ জানায়, বুধবার সকাল সাতটার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা এএসআই আনোয়ারকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, আনোয়ারকে ধাক্কা দিয়ে চালক অটোরিকশা নিয়ে পালিয়ে গেছেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।