রাজধানীর কোথাও অবৈধ পশুর হাট বসতে দেবে না পুলিশ। এ ছাড়া চামড়া পাচার রোধে পবিত্র ঈদুল আজহার পরে তিন দিন রাজধানীর বাইরে চামড়ার কোনো ট্রাক যেতে দেওয়া হবে না।
ঈদ ও পূজার নিরাপত্তা নিয়ে গতকাল রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, এ বছর প্রায় একই সময়ে দুর্গাপূজা ও কোরবানির ঈদ উদ্যাপিত হবে। রাজধানীতে ২১৯টি মন্দির ও মণ্ডপে পূজা হবে। একই সময়ে ঢাকার দুই সিটি করপোরেশনের অনুমোদিত ২১টি স্থানে পশুর হাট বসবে। এসব হাটের জন্য পশু নিয়ে প্রচুর ট্রাক রাজধানীতে ঢুকবে। দুই উৎসব উপলক্ষে বিপণিবিতানগুলোতেও ভিড় থাকবে। সব মিলিয়ে রাজধানীর স্বাভাবিক ট্রাফিক ব্যাহত হবে। তবে স্থানীয়ভাবে ট্রাফিক পরিস্থিতি সহ্যের মধ্যে রাখার ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ জন্য স্থানীয়ভাবে সমন্বয়সহ কমিউনিটি পুলিশকে কাজে লাগানো হবে।
বেনজীর আহমেদ বলেন, ঈদ-পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাক থেকে বিভিন্ন জায়গায় গরু নামিয়ে নেওয়া ঠেকাতে তিনি পশুবাহী ট্রাকের সামনে ব্যানারে গন্তব্য হাটের নাম টাঙানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে রাস্তায় কর্তব্যরত পুলিশ জানতে পারবে ট্রাকটি কোথায় যেতে চায় এবং তাঁরা ওই পশু ব্যবসায়ীদের গন্তব্যে যেতে সাহায্য করতে পারবেন। হাটগুলোতে সিসি ক্যামেরা বসাতে বলা হয়েছে, থাকবে জাল টাকা শনাক্তকরণ যন্ত্র।
অজ্ঞান পার্টির মতো প্রতারকদের খপ্পরের বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, নাগরিকদেরও সচেতন হতে হবে। ফেরিওয়ালা ও ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কিনে খাবেন না। তিনি বলেন, অজ্ঞান পার্টির ১১ জনকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।
বেনজীর আহমেদ বলেন, চামড়া পাচার রোধে পুলিশ ঈদের পরের তিন দিন ঢাকার বাইরে চামড়াবাহী কোনো ট্রাক যেতে দেবে না। তবে বাইরে থেকে ট্রাক ঢুকতে পারবে।