রাজধানীতে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৭
রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ছয়টি বিদেশি অস্ত্র, ২৮টি গুলি ও ২০০টি ইয়াবাসহ পাঁচজন অস্ত্র ও দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালান।
পুলিশের গোয়েন্দা তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন অভিযান তত্ত্বাবধান করেন। নেতৃত্ব দেন ডিবির বোমা নিষ্ক্রীয়করণ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রহমতউল্লাহ চৌধুরী এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ দলের (দক্ষিণ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন অস্ত্র ব্যবসায়ী মোবারক হোসেন (৩০), শহীদুল ইসলাম (৩২), ফখরুল ইসলাম (৩১), সুমন হোসেন (২৪), কামরুজ্জামান ইমরান (২৬) এবং মাদক ব্যবসায়ী মোসা. হালিমা আক্তার ওরফে লিজা (২২) ও সুচন্দ্রা মান্না রাবেয়া (১৯)। তাঁদের বিরুদ্ধে শাহ আলী ও মোহাম্মদপুর থানায় চারটি মামলা হয়েছে।
আজ শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এসব অস্ত্র ব্যবসায়ী প্রতিবেশী দেশ থেকে অস্ত্র এনে ঢাকার বিভিন্ন স্থানে বাড়িভাড়া নিয়ে অস্ত্র ব্যবসার কাজ করছিলেন। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্যরা প্রথমে মিরপুরে শাহ আলী থানার মসজিদুল আকবর মার্কেটে যান। রাত আটটার দিকে সেখানে অস্ত্র কেনাবেচা অবস্থায় মোবারক ও শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তলসহ দুটি ম্যাগাজিন ও নয়টি গুলি উদ্ধার করেন তাঁরা। এই দুজনের দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তারে ডিবির সদস্যরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে যান। সেখানে এস এম কার পেইন্টের সামনে ফখরুল ও সুমন হোসেনকে তাঁরা চ্যালেঞ্জ করেন। সুমন পুলিশকে লক্ষ্য করে তিন-চারটি গুলি করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে মোহাম্মদপুরের হাজি চিনুমিয়া সড়কে আজিজ মহল্লার ১৩/৩ নম্বর বাসার ছয় তলা থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি ও ২০০টি ইয়াবাসহ কামরুজ্জামান, হালিমা আক্তার ও সুচন্দ্রা মান্নাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে পাঠিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
ফখরুল ইসলাম কুমিল্লার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় তাঁরা একাধিক বাড়িভাড়া করে এই অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পাঁচ থেকে ১০ হাজার টাকায় তাঁরা একেকটি অস্ত্র ভাড়া দিতেন। আগামী নির্বাচনে ব্যবহারের জন্য এসব অস্ত্র আনা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাঁদের অস্ত্রের ক্রেতা রয়েছে। এমন একটি তালিকা উদ্ধার করা হয়েছে। কামরুজ্জামান মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী বলে জানান মনিরুল।