রাজধানীতে আ.লীগ প্রার্থী মহিউদ্দিনের সমাবেশে বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এ হামলায় সাতজন আহত হয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের দাবি, আহত সবাই তাদের দলীয় কর্মী।

আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করা হয়েছে। তাঁরা হলেন মনির (২২), ইমরান (২৪), কামরুল হাসান (২৭), ইয়াদ (১২), ফজলুর রহমান (২৭) ও হেলেনা বেগম (২৬)। মেডিকেল সূত্রে জানা গেছে, আহত মনির ও কামরুলের অবস্থা আশঙ্কাজনক।

চকবাজার থানার উপপরিদর্শক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত জানান, হামলায় কাউকে চিহ্নিত করা যায়নি। ‘প্রথম আলো’কে তিনি বলেন, ‘সন্ধ্যায় সমাবেশ-পরবর্তী মিছিলের সময় ইসলামবাগে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আহত সবাই আওয়ামী লীগের কর্মী।’