রাজধানীতে আ.লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা
বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আওয়ামী লীগ। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়।
জাতীয় পতাকা আচ্ছাদিত কৃত্রিম নৌকা, গ্রাম-বাংলার ঐতিহ্য কুঁড়েঘর, বাউলদের ঢোল-তবলা, একতারা, রং-বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লার ফাঁসি হওয়ায় উল্লাস প্রকাশ করে স্লোগান দেন।
শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন বলেন, ‘প্রতিটি এলাকায় জামায়াত-শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রুখে দাঁড়াতে হবে। আমরা যখন বিজয় দিবস পালন করছি, তখন তারা দেশে আগুন লাগিয়ে, বাস পুড়িয়ে, গাছ কেটে নিরীহ মানুষ হত্যা করছে। এটা আর হতে দেওয়া যায় না।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছেন। ষড়যন্ত্রকারীরা পাকিস্তানের এজেন্ট দিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আর সহ্য করা হবে না।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত-শিবির জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেক ধৈর্য ধরেছে। কিন্তু স্বাধীন রাষ্ট্র রক্ষায় তারা আর ধৈর্য ধরবে না। সরকার আরও কঠোরভাবে সহিংসতাকারীদের দমন করবে।’