রাজধানীতে আ.লীগের সমাবেশ ২৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ২৫ অক্টোবর সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) যে কর্মসূচি দেবে, আমরা তার পাল্টা কর্মসূচি গ্রহণ করব। ঈদের পর ধারাবাহিকভাবে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।’

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ২৪ অক্টোবর দেশে ভয়াবহ বিপর্যয় আসার কোনো আশঙ্কা নেই। বিরোধী দল নির্বাচনে অংশ  না নিলেও নির্বাচন হবে। আর যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। বিএনপিকে সংবিধানের বাইরে কথা না বলারও আহ্বান জানান নাসিম।

বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২৫ অক্টোবর যে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে, তাতে বিএনপি-জামায়াত ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ কামাল আহমেদ মজুমদার, সানজিদা খানম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ।